কাতারের উপপ্রধানমন্ত্রী দোহায় আয়োজিত গ্লোবাল সিকিউরিটি ফোরামে জানিয়েছেন যে, তার দেশ সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন একটি আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদারিত্বের ঘোষণা দিতে যাচ্ছে। এই উদ্যোগটি আঞ্চলিক অংশীদারদের সঙ্গে প্রতিরক্ষা খাতে নতুন পরিকল্পনা গ্রহণের প্রক্রিয়ার অংশ হিসেবে খুব দ্রুতই সামনে আনা হবে।
উপপ্রধানমন্ত্রী আল-থানি জানান, কাতার সম্প্রতি তাদের সামগ্রিক প্রতিরক্ষা সক্ষমতা পর্যালোচনা করেছে। এই পর্যালোচনায় আকাশ প্রতিরক্ষা, ড্রোন হামলা মোকাবিলা, সাইবার নিরাপত্তা এবং পানির নিরাপত্তাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
তিনি উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। আল-থানি বলেন, মৌলিক বিষয়গুলোতে দেশগুলোর মধ্যে ঐকমত্য থাকলেও প্রতিটি দেশের নিজস্ব পররাষ্ট্রনীতি বজায় রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
এছাড়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের সামরিক সহযোগিতা উপসাগরীয় অঞ্চলের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন তিনি। আল-থানির দাবি অনুযায়ী, চলমান সংঘাতের সময় যৌথ অভিজ্ঞতা এবং কয়েক দশকের সামরিক বিনিয়োগের ফলে এই অঞ্চলে হওয়া ৯০ শতাংশের বেশি হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে।

