পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি আগামী ১১ অক্টোবর সারা দেশের পিটিআই নেতা-কর্মীদের সোয়াবি ইন্টারচেঞ্জে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াবি জেলায় অবস্থিত এই স্থানেই পিটিআই তাদের চলমান লংমার্চের পরবর্তী কর্মসূচি ঘোষণা করার পরিকল্পনা করেছে।
পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে এই লংমার্চ পরিচালিত হচ্ছে। গত ৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে লংমার্চ শুরু হওয়ার পর থেকে এর যাত্রাপথের পরিকল্পনা নিয়ে কয়েকবার পরিবর্তন আনা হয়েছে। যদিও শুরুতে দলটি ইসলামাবাদের দিকে যাত্রার ঘোষণা দিয়েছিল, তবে শেষ পর্যন্ত লংমার্চ কোথায় গিয়ে থামবে, তা এখনো নিশ্চিত নয়। ১১ অক্টোবরের পর সোয়াবি থেকে পরবর্তী গন্তব্য কী হবে, সে বিষয়ে মুখ্যমন্ত্রী এখনো কোনো ঘোষণা দেননি। বর্তমানে এই লংমার্চ খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, যেখানে পিটিআই ক্ষমতায় রয়েছে।
চরসদ্দারে লংমার্চে অংশগ্রহণকারীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে মুখ্যমন্ত্রী আফ্রিদি বলেন, ‘সোয়াবির পর আমাদের অন্য জায়গায়ও যেতে হবে।’ তিনি কর্মীদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে কেন্দ্রীয় সরকারের হুঁশিয়ারিকে ‘ফাঁকা আওয়াজ’ বলে অভিহিত করেন। তিনি দাবি করেন, প্রদেশের সীমানা পার হওয়ার পর সরকার কর্মীদের কোনো ক্ষতি করতে পারবে না।
অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা পিটিআইকে খাইবার পাখতুনখাওয়ার বাইরে লংমার্চ না নেওয়ার বিষয়ে সতর্ক করেছেন। সন্ত্রাসবাদবিরোধী নীতি নিয়ে মতপার্থক্যের পাশাপাশি খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা অথবা গভর্নর শাসন জারির সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। গত ২৭ সেপ্টেম্বর লংমার্চ শুরুর ঘোষণা দিলেও পরে তা পিছিয়ে ৪ অক্টোবর ধার্য করা হয়েছিল। লংমার্চ শুরুর আগে সরকারি প্রতিনিধিদলের সঙ্গে পিটিআইয়ের দুই দফা আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি।
সাবেক সিনেটর ও রাজনৈতিক বিশ্লেষক আফ্রাসিয়াব খটক জানান, পেশোয়ারের নিরাপত্তা পরিস্থিতি ও কেন্দ্রীয় সরকারের কঠোর অবস্থানের কারণে মনে হচ্ছে লংমার্চকে পাঞ্জাব বা ইসলামাবাদে যেতে দেওয়া হবে না। এছাড়া পিটিআইয়ের প্রাদেশিক সরকার চাপের মুখে রয়েছে এবং নেতা-কর্মী ও প্রাদেশিক মন্ত্রীদের অপহরণের অভিযোগও উঠেছে।

