জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ইউরোপের চার দেশ

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মজুরি বৈষম্য এবং আবাসনসংকটের প্রতিবাদে ফ্রান্স, বেলজিয়াম, ইতালি ও পর্তুগালের রাজপথ উত্তাল হয়ে উঠেছে। গত শনিবার এসব দেশের লাখো মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেন। বিক্ষোভকে কেন্দ্র করে ফ্রান্সে ব্যাপক সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, ইউরোপের অন্যান্য দেশগুলোতেও এই অসন্তোষ ছড়িয়ে পড়তে পারে।

ফ্রান্সে গত শনিবার কয়েক দশকের মধ্যে অন্যতম উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এদিন ৫ লাখ ৫০ হাজারের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন। কয়েক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনের পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। বিক্ষোভকারীদের মধ্যে থাকা সহিংস গোষ্ঠীগুলো সরকারি ভবন, সুপারমার্কেট ও বিলাসপণ্যের দোকানে হামলা চালায়। এছাড়া পুলিশের গাড়ি ও সদস্যদের লক্ষ্য করেও হামলা চালানো হয়।

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানিয়েছেন, এ পর্যন্ত ১ হাজার ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১৫০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। মধ্য প্যারিসে দায়িত্বরত পুলিশ সদস্যদের পরিদর্শনের সময় তিনি বলেন, ক্ষয়ক্ষতি এর চেয়ে বেশি না হওয়াটা একটি অলৌকিক বিষয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, প্যারিস, মার্সেই, নিস, নঁত, বোর্দো, লিমোজ, লিল, তুলুজ ও স্ত্রাসবুর্গের মতো বড় শহরগুলোতে অসংখ্য দোকানে লুটপাটের ঘটনা ঘটেছে। প্যারিসের মেয়র এমানুয়েল গ্রেগোয়ার জানিয়েছেন, রাজধানীর রাস্তাঘাট বিধ্বস্ত হয়েছে। লিমোজ শহরে মুখোশধারীদের দেওয়া আগুনে ১৪০ বছরের পুরোনো টাউন হলের বড় অংশ পুড়ে গেছে এবং লিয়ঁ শহরে পর্যটন দপ্তরে আগুন দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধন ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীরা কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছেন। শনিবারের বিক্ষোভে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে। পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীরা তাদের দিকে বস্তু ছুড়েছেন এবং আগুন ধরিয়ে দিয়েছেন। এছাড়া লিয়েজ শহরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ব্যবহার করে।

ইতালির মিলান ও বোলোনিয়ায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা পাথর ছুড়েছে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পর্তুগালের রাজধানী লিসবনেও আবাসনসংকট, কম মজুরি ও উচ্চ জীবনযাত্রার ব্যয়ের বিরুদ্ধে কয়েক হাজার মানুষ মিছিল করেছেন। ২০১৭ সাল থেকে দেশটিতে বাড়ির দাম দ্বিগুণের বেশি বেড়েছে। শুক্রবার পর্তুগালের সংসদবিষয়ক মন্ত্রী কার্লোস আব্রেউ আমোরিম বলেছেন, সরকার রাস্তায় চিৎকারের মুখে নতি স্বীকার করবে না। অন্যদিকে বিক্ষোভকারীদের দাবি, নীতিনির্ধারকরা সাধারণ মানুষের বাস্তব সমস্যা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।