সন্ত্রাসবিরোধী আইনে সাজা হলো না প্যালেস্টাইন অ্যাকশনের ৫ কর্মীর

যুক্তরাজ্যের প্রেস্টন ক্রাউন কোর্ট ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের পাঁচ কর্মীর বিষয়ে এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। শুক্রবার, ২১ আগস্ট, বিচারক রবার্ট আলথাম ঘোষণা করেন যে, এই পাঁচ কর্মীকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সাজা দেওয়া হবে না।

ঘটনার সূত্রপাত ২০২৪ সালের আগস্ট মাসে, যখন এই পাঁচ কর্মী ল্যাঙ্কাশায়ারের বার্নলিতে অবস্থিত বার্কলেজ ব্যাংকের একটি শাখায় ভাঙচুর চালান। তাদের এই কর্মকাণ্ডের ফলে ব্যাংকের প্রায় ২ লাখ ১২ হাজার পাউন্ডের আর্থিক ক্ষতি হয়। ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসে বার্কলেজ ব্যাংকের বিনিয়োগের প্রতিবাদ হিসেবে তারা এই ভাঙচুর চালিয়েছিলেন। যদিও গত জুনে আদালত তাদের ফৌজদারি ক্ষতিসাধনের অভিযোগে দোষী সাব্যস্ত করেছিল, তবে তাদের বিরুদ্ধে 'সন্ত্রাসী সংশ্লিষ্টতা' বিবেচনায় নিয়ে কঠোর সাজার উদ্যোগ নেওয়া হয়েছিল। শুক্রবারের রায়ে আদালত সেই পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।

রায়ের পর সংশ্লিষ্ট পাঁচ কর্মী এক বিবৃতিতে তাদের স্বস্তির কথা জানিয়েছেন। আদালতের বাইরে উপস্থিত সমর্থকরা এই রায়ের পর উল্লাস প্রকাশ করেন এবং ফিলিস্তিনপন্থী স্লোগান দেন। উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই মাসে যুক্তরাজ্য প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর থেকে সংগঠনটির প্রতি সমর্থন প্রকাশের অভিযোগে হাজার হাজার মানুষ গ্রেপ্তার হয়েছেন, যা দেশটিতে প্রতিবাদ এবং সন্ত্রাসবিরোধী আইনের প্রয়োগ নিয়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।