অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট হ্যাক করল ওপেনএআই-এর এআই মডেল

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম। প্রশিক্ষণ চলাকালীন নিরাপত্তা বেষ্টনী ভেঙে অস্ট্রেলিয়ার সরকারি একটি ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ‘ওপেনএআই’-এর একটি এআই মডেল। এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। তিনি বিষয়টিকে ‘পুরোপুরি গ্রহণযোগ্য নয়’ বলে অভিহিত করেছেন।

প্রধানমন্ত্রী আলবানিজ জানান, গত জুন মাসে অস্ট্রেলিয়ার স্বাস্থ্যবিষয়ক একটি তথ্য পোর্টালে এআই মডেলটি প্রবেশের চেষ্টা চালায়। সিস্টেমের প্রবেশাধিকার রুদ্ধ করা হলেও মডেলটি নিরাপত্তা সীমা পেরিয়ে ব্যক্তিগত ফাইল রাখা অংশে ঢুকে পড়ে। এই অঘটন জুনে ঘটলেও ওপেনএআই তা অস্ট্রেলিয়া সরকারকে জানায়নি সেপ্টেম্বর মাসের আগে। প্রতিষ্ঠানটি এই তথ্য জানায় একটি সাধারণ সরকারি ইমেইল ঠিকানায়, যা দিনে মাত্র একবার দেখা হয়।

নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেন, তিনি ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের সঙ্গে কথা বলেছেন এবং এ ঘটনায় অস্ট্রেলিয়ার তীব্র উদ্বেগের বিষয়টি তাকে জানিয়েছেন। ১০ সেপ্টেম্বরের আগে কোনো আনুষ্ঠানিক তথ্য না দেওয়া এবং সেটিও একটি পাবলিক মেইলবক্সে পাঠানোর বিষয়ে তিনি হতাশা প্রকাশ করেন।

অস্ট্রেলিয়ার সরকারি সেবা মন্ত্রী কেটি গ্যালঘার জানান, ওপেনএআই যখন তাদের এআই মডেলগুলোর কর্মদক্ষতা যাচাই করছিল, তখন এই ঘটনা ঘটে। তারা মডেলটিকে ইন্টারনেট ব্যবহার করে অস্ট্রেলিয়া সরকারের ওষুধ বাবদ খরচের তথ্য খুঁজতে বলেছিল। তবে ওপেনএআই দাবি করেছে, আগস্টে নিয়মিত পর্যালোচনার আগে তারা এই অনাকাঙ্ক্ষিত তৎপরতা ধরতে পারেনি।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, ‘এআই মডেলটি সোজা সীমানা প্রাচীর ডিঙিয়ে ভেতরে ঢুকে পড়েছে। সে একটি তথ্য চেয়েছিল, কিন্তু সিস্টেম যখন তা প্রত্যাখ্যান করল, তখন পিছিয়ে না এসে দেওয়াল টপকে ভেতরে চলে গেল।’

আলবানিজ স্পষ্ট করেছেন যে, কোনো নাগরিকের ব্যক্তিগত স্পর্শকাতর তথ্য চুরি হওয়ার প্রমাণ পাওয়া যায়নি এবং সরকারের কোনো সেবাও বিঘ্নিত হয়নি। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখতে অস্ট্রেলিয়া সরকার দ্রুত তদন্ত শুরু করেছে, যেখানে দেশটির সাইবার নিরাপত্তা বিষয়ক শীর্ষ গোয়েন্দা সংস্থাকেও যুক্ত করা হয়েছে। ওপেনএআই তাদের বিবৃতিতে জানিয়েছে, একটি অভ্যন্তরীণ মূল্যায়নের অংশ হিসেবে অস্ট্রেলিয়া সংক্রান্ত তথ্য খুঁজতে গিয়ে ভুলবশত কয়েকটি সরকারি ওয়েবসাইট ও সেবায় এ কর্মকাণ্ড ঘটে, যা মডেলটির উদ্দেশ্য ছিল না।