যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাতের আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতির প্রভাবে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দামই সাপ্তাহিক সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
শুক্রবার ৪ সেপ্টেম্বর গ্রিনিচ মান সময় রাত ১টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ১৫ সেন্ট বা ০ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৬৭ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৬ সেন্ট বা ০ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯১ দশমিক ৫৬ ডলারে উন্নীত হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুই দেশের মধ্যে নতুন করে অস্থিরতা ও সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। মূলত এই আশঙ্কার কারণেই বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী।
গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৭ দশমিক ১ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ৯ দশমিক ৮ শতাংশ। এটি গত ২০ জুলাই শেষ হওয়া সপ্তাহের পর উভয় ধরনের তেলের জন্য সবচেয়ে বড় সাপ্তাহিক মূল্যবৃদ্ধি হতে যাচ্ছে। বর্তমানে বাজারসংশ্লিষ্টরা সতর্ক দৃষ্টি রাখছেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই উত্তেজনার জের ধরে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহের ওপর ভবিষ্যতে কী ধরনের প্রভাব পড়ে।

