নেপালে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, মৃত ৩৮৯, নিখোঁজ ৯০০

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে হিমবাহ ধসের কারণে ভয়াবহ আকস্মিক বন্যা আঘাত হেনেছে। বুধবারের এই বিপর্যয়ে এখন পর্যন্ত ৩৮৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে নেপাল পুলিশ। ভয়াবহ এই বন্যায় এখনো প্রায় ৯০০ মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের উদ্ধারে সেনাবাহিনী আকাশপথে অভিযান পরিচালনা করছে।

হিমবাহ ধসের পর চীন ও নেপালের মধ্য দিয়ে প্রবাহিত লেন্দে নদীতে কাদা ও ধ্বংসস্তূপ তীব্র গতিতে ধেয়ে আসে। এই স্রোত ভোতেকোশি ও ত্রিশূলী নদীর তীরবর্তী বিভিন্ন শহর ও গ্রামে আঘাত হেনে ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু ও বিদ্যুৎকেন্দ্র ভাসিয়ে নিয়ে গেছে। উদ্ধার অভিযানের সময় ওপর থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, একসময়ের প্রাণবন্ত গ্রামগুলো এখন কাদায় মাখামাখি হয়ে আছে। কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

আন্তর্জাতিক রেডক্রস (আইএফআরসি) নেপাল প্রধান ডেভিড ফিশার জানিয়েছেন, বন্যায় কিছু গ্রাম ও ব্যস্ততম বাজার এলাকা পুরোপুরি বিলীন হয়ে গেছে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ১৪২ জন ভারতীয় নাগরিক ছাড়াও অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার পর্যটকরা রয়েছেন বলে জানিয়েছে নেপালের পর্যটন বোর্ড। তিব্বত সীমান্তের জিরং শহরেও তিনজন মারা গেছেন এবং পাঁচ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। সেখানে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কাদার বিশাল ঢেউ বহুতল ভবনের ওপর আছড়ে পড়ছে এবং গাড়ি ও বাসগুলো খেলনার মতো ভেসে যাচ্ছে।

এই বন্যার প্রভাব প্রতিবেশী ভারতের সীমান্তবর্তী এলাকায়ও পড়েছে, যেখানে উত্তর প্রদেশ ও বিহারের জেলাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। হিমবাহের সামনের অংশ ভেঙে পড়ায় এই বিপর্যয় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘন ঘন এবং তীব্র হওয়ার বিষয়ে সতর্ক করে আসছেন।

কাঠমান্ডুভিত্তিক গবেষণা সংস্থা ইসিমোড-এর জলবায়ুঝুঁকি বিশেষজ্ঞ চিয়াংগং ঝাং নতুন করে বন্যার আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি জানান, চীন-নেপাল সীমান্তবর্তী নদীর উজানে ধসে পড়া ধ্বংসস্তূপ আটকে আছে। এই পানি হঠাৎ ধেয়ে এলে ভাটি অঞ্চলে আবারও বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে, তাই কর্তৃপক্ষকে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।