দক্ষিণ আফ্রিকায় খনির বর্জ্যের স্তূপ ধসে নিহত ১৪

দক্ষিণ আফ্রিকায় খনির বর্জ্যের একটি স্তূপ ধসে পড়ার ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। সোমবার (৯ আগস্ট) রাতে দেশটির একটি খনি এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পুলিশ ধারণা করছে, নিহতরা সবাই অবৈধভাবে খনির কাজ করছিলেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে আরও অজ্ঞাতসংখ্যক শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার পর দক্ষিণ আফ্রিকার পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। মঙ্গলবার সকালে আঞ্চলিক পুলিশ প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর্থার অ্যাডামস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থলটি একটি বৈধ খনন কোম্পানির অধীনে পরিচালিত হচ্ছিল, যেখানে প্লাটিনামসহ বিভিন্ন ধাতু উত্তোলনের কাজ চলছিল। তবে অবৈধ খনিশ্রমিকরা কীভাবে ওই এলাকায় প্রবেশ করেছিলেন, তা এখনো পরিষ্কার নয়।

পুলিশ কর্মকর্তা আর্থার অ্যাডামস স্থানীয় সংবাদমাধ্যম নিউজরুম আফ্রিকাকে জানান, খনির বর্জ্য ফেলার জায়গাটির দেয়াল ধসে পড়ে শ্রমিকদের ওপর, যার ফলে ঘটনাস্থলেই অনেকে মারা যান। নিহত ও আহতদের বেশিরভাগই প্রতিবেশী দেশ লেসোথোর নাগরিক এবং তারা সবাই নথিপত্রবিহীন বিদেশি বলে ধারণা করছে পুলিশ। আহত আটজনের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও, তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে খনির কাজ করা এবং অনুমতি ছাড়া খনি এলাকায় প্রবেশের অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দক্ষিণ আফ্রিকায় অবৈধ খনন একটি দীর্ঘস্থায়ী সমস্যা। স্থানীয় ভাষায় এসব শ্রমিকদের ‘জামা জামা’ বা ‘যারা ভাগ্য পরীক্ষা করে’ বলা হয়। দরিদ্র অভিবাসীরা মূল্যবান ধাতুর আশায় জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত খনির সুড়ঙ্গ বা বর্জ্যের স্তূপে কাজ করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়েন। গত বছরের জানুয়ারিতে জোহানেসবার্গের স্টিলফন্টেইনের একটি পরিত্যক্ত খনি থেকে ৭৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল, যা দেশটিতে অবৈধ খননের ভয়াবহতার একটি বড় উদাহরণ।