‘প্রকৃত শত্রু’র বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মোজতাবা খামেনির

বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টাকারী 'প্রকৃত শত্রু'র বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি। সম্প্রতি এক লিখিত বিবৃতিতে তিনি এই আহ্বান জানান বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মোজতাবা খামেনি তাঁর বিবৃতিতে সতর্ক করে বলেন, শত্রুরা ইরানসহ যেকোনো ইসলামি দেশের জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং ভৌগোলিক পার্থক্যকে ঢাল হিসেবে ব্যবহার করছে। এর মাধ্যমে তারা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, শত্রুপক্ষ ইসলামি উম্মাহর বিভাজন এবং তাদের শক্তি দুর্বল হওয়ার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, যাতে সুযোগ বুঝে নিজেদের আধিপত্য চাপিয়ে দেওয়া যায়। এই পরিস্থিতিতে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করতে পারে এমন যেকোনো ধরণের পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

ফিলিস্তিন সংকটের কথা উল্লেখ করে ইরানের এই নেতা প্রশ্ন তোলেন, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকত এবং নিজেদের শক্তিকে একীভূত করতে পারত, তবে কি ফিলিস্তিনি জাতিকে আজ এতটা অসহায় হতে হতো? তারা কি দখলদারদের এমন বর্বর নিপীড়ন ও অপরাধের শিকার হতো? একই সাথে পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, পারস্য উপসাগরের তীরবর্তী দেশ ও সরকারগুলো যদি ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হতো, তবে হাজার হাজার কিলোমিটার দূরের কোনো দুর্নীতিগ্রস্ত ও পরিচয়হীন দুর্বৃত্ত কি তাদের ভূমি ও সম্পদের দিকে চোখ দেওয়ার সাহস পেত?

মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের প্রতি নিজেদের প্রকৃত শত্রুকে চেনার এবং তাদের পরিকল্পনা বুঝে তা মোকাবিলার আহ্বান জানিয়েছেন খামেনি। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের অপরাধী শাসকগোষ্ঠী এবং ভুয়া ইহুদিবাদী সরকারই এই ঐক্য ও বন্ধুত্বের প্রধান শত্রু। এই দুটি পক্ষ কেবল ইসলামি প্রজাতন্ত্র ইরান বা ইসলামি প্রতিরোধ ফ্রন্টেরই শত্রু নয়, বরং তারা পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকাসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি তীব্র বিদ্বেষ পোষণ করে।