ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি মন্ত্রীদের পরিকল্পনার নিন্দা ৮ মুসলিম দেশের

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার বিষয়ে ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজের সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানসহ আটটি মুসলিম দেশ।

পাকিস্তান, মিসর, তুরস্ক, ইন্দোনেশিয়া, জর্ডান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিস্তিনি জনগণকে যেকোনো অজুহাতে বাস্তুচ্যুত করার লক্ষ্যে নেওয়া সব ধরনের পরিকল্পনা বা প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এই সম্মিলিত অবস্থানের কথা জানানো হয়েছে।

পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, ইসরাইলি মন্ত্রীদের এসব উসকানিমূলক প্রস্তাব ও বক্তব্য আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালা এবং বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া, এসব বক্তব্য ফিলিস্তিনি জনগণের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকারের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ০০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ০১