পরমাণু হামলা করলে কঠিন জবাবের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করার মতো হঠকারী পদক্ষেপ নেয়, তবে তেহরানও তার সমান ও যথাযথ জবাব দিতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির সদস্য ফাদা হোসেন মালেকি। বুধবার স্থানীয় সংবাদমাধ্যম খবর অনলাইনের সাথে আলাপকালে তিনি এই কঠোর বার্তা দেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে মালেকি জানান, ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। তবে তিনি মনে করেন না যে, এমন কিছু করার সাহস আমেরিকার আছে, কারণ এটি পুরো বিশ্বকে একটি বিপজ্জনক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তিনি স্পষ্ট করে বলেন, ইরান তার বিরুদ্ধে যে ধরনের অস্ত্র ব্যবহার করা হবে, ঠিক সেই অনুযায়ী পাল্টা প্রতিক্রিয়া দেখাবে। পরমাণু অস্ত্র ব্যবহারের প্রশ্নে তিনি সরাসরি উত্তর না দিলেও ইঙ্গিত দেন যে, ইরানের হাতে বহুবিধ বিকল্প রয়েছে এবং যেকোনো পদক্ষেপের জবাব সমান বা তার চেয়েও কঠোর হতে পারে।

ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে মালেকি দাবি করেন, তাদের অনেক অস্ত্র ও সামরিক শক্তি এখনও প্রকাশ্যে আনা হয়নি। তেহরান এখন প্রতিরক্ষামূলক অবস্থান ত্যাগ করে সক্রিয় ও আক্রমণাত্মক প্রতিরোধ নীতি গ্রহণ করেছে। ওয়াশিংটনের সাথে স্থবির হয়ে পড়া আলোচনার বিষয়ে তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছেন। প্রতিশ্রুতি পূরণ না হলে ইরান আলোচনায় ফিরবে না এবং হরমুজ প্রণালিসহ অন্যান্য জটিল সমস্যার সমাধান হবে না। ওমানের মধ্যস্থতায় আলোচনার বিষয়ে তিনি বলেন, এটি সম্পূর্ণ আলাদা একটি দ্বিপাক্ষিক বিষয়, যেখানে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ইরান প্রত্যাখ্যান করেছে।

উল্লেখ্য, গত জুন মাসে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেও পরবর্তীতে মতবিরোধের জেরে আলোচনা বন্ধ হয়ে যায়। এছাড়া গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের নতুন করে উত্তেজনা শুরু হয়েছে, যার জেরে তেহরান ওই অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে।