মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ইরানের সামরিক সক্ষমতা ও কৌশল বিশ্বজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মতো শক্তিশালী প্রতিপক্ষের সামরিক ঘাঁটির বিপরীতে ইরানের অস্ত্রাগারে থাকা শাহেদ-২৩৮ ড্রোনটি পশ্চিমা সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। শাহেদ-১৩৬ ড্রোনের উন্নত সংস্করণ হিসেবে পরিচিত এই ঘাতক ড্রোনটি কম খরচে তৈরি হলেও এর গতি ও ধ্বংসাত্মক ক্ষমতা আধুনিক মাল্টিলেয়ার্ড আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে।
ইরানের ‘শাহেদ এভিয়েশন ইন্ডাস্ট্রিজ’ ২০২৩ সালের নভেম্বরে প্রথম এই ড্রোনটির পর্দা উন্মোচন করে। পুরোনো পিস্টন ইঞ্জিনের পরিবর্তে এতে শক্তিশালী কমপ্যাক্ট টার্বোজেট ইঞ্জিন যুক্ত করা হয়েছে, যা এর কার্যকারিতায় আমূল পরিবর্তন এনেছে। উন্মোচনের পরপরই ইরান ছোট আকারে এর উৎপাদন শুরু করে এবং সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন করে।
এই ড্রোনের মূল শক্তি লুকিয়ে আছে এর অবিশ্বাস্য গতিতে। যেখানে আগের শাহেদ-১৩৬ ড্রোন ঘণ্টায় ১৮৫ কিলোমিটার গতিতে উড়ত, সেখানে এই নতুন জেট চালিত সংস্করণটি অনায়াসেই ঘণ্টায় ৫০০ থেকে ৬০০ কিলোমিটার গতি তুলতে সক্ষম। চূড়ান্ত আঘাত হানার সময় এর গতি অনেক ক্ষেত্রে ঘণ্টায় ৭০০ কিলোমিটার ছাড়িয়ে যায়। সাড়ে তিন মিটার দীর্ঘ এবং তিন মিটার ডানার এই ড্রোনটি সর্বোচ্চ ৩০ হাজার ফুট উচ্চতায় উড়তে পারে এবং ৫০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে সক্ষম। যদিও জেট ইঞ্জিনের কারণে এর পাল্লা কিছুটা কমেছে, কিন্তু শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রতিক্রিয়া জানানোর সময় প্রায় শূন্যের কোঠায় নামিয়ে এনেছে এই প্রযুক্তি।
শাহেদ-২৩৮-এ বিশেষ ইনফ্রারেড ও রাডার-হোমিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে শত্রুর রাডার লক্ষ্য করে আঘাত হানতে পারে। এর ফলে আকাশ প্রতিরক্ষা রাডারের পক্ষে ড্রোনটিকে শনাক্ত করে ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য মাত্র কয়েক সেকেন্ড সময় হাতে থাকে। এছাড়া অর্থনৈতিক দিক থেকেও এটি ইরানের জন্য বড় কৌশলগত অস্ত্র হয়ে উঠেছে। সস্তা মূল্যের একেকটি শাহেদ-২৩৮ ধ্বংস করতে প্রতিপক্ষকে কোটি কোটি টাকার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র খরচ করতে হচ্ছে। অনেক সময় ধীরগতির শাহেদ-১৩৬ ড্রোনের ঝাঁকের সাথে এই দ্রুতগতির ড্রোন মিশিয়ে ছুড়ে দেওয়া হয়, যা শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি বিভ্রান্ত করে ফেলে। বর্তমানে ইরানের কারখানাগুলোতে মাসে শত শত শাহেদ ড্রোন উৎপাদিত হচ্ছে, যা বিশ্বকে নতুন করে ভাবাচ্ছে যে, অল্প খরচের ড্রোন কতটা ভয়ংকর রূপ নিতে পারে।

