হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বেশ কয়েকটি কঠোর শর্ত উপস্থাপন করেছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাগের জোলঘাদর তেহরানের এই অনড় অবস্থানের কথা জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক তালিকায় এসব দাবি তুলে ধরা হয়েছে।
তেহরানের শর্তগুলোর মধ্যে প্রধান হলো—যুক্তরাষ্ট্রকে প্রথমে তাদের নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে, ওই অঞ্চল থেকে সামরিক বাহিনী সরিয়ে নিতে হবে এবং চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে। এর পাশাপাশি সংঘাতে ইরানের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ প্রদান এবং বিদেশে আটকে থাকা ইরানি সম্পদ অবমুক্ত করার দাবিও জানিয়েছে দেশটি।
এ বিষয়ে মোহাম্মদ বাগের জোলঘাদর মন্তব্য করেছেন, এগুলো মূলত ইরানের সাধারণ জনগণের দাবি এবং গত ১৬০ দিন ধরে তারা অত্যন্ত জোরালোভাবে এই দাবিগুলো জানিয়ে আসছেন। তিনি স্পষ্ট করে বলেন, আমেরিকা নিজেদের আচরণ সংশোধন না করা পর্যন্ত হরমুজ প্রণালি কোনোভাবেই খুলে দেওয়া হবে না।
এর আগে গত শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, হরমুজ প্রণালি পরিচালনার বিষয়ে প্রতিবেশী ওমানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর খুব কাছাকাছি রয়েছে তেহরান। তবে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, এই প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি আরও কিছু শর্ত পূরণের ওপর নির্ভর করছে। বিশেষ করে, গত জুনে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারক লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রকে অবশ্যই সংশোধনমূলক পদক্ষেপ নিতে হবে।
ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইরান ও ওমানের মধ্যকার এই আলোচনাকে অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক হিসেবে বর্ণনা করেছে। এ ছাড়া গত শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি-র এক প্রতিবেদনে বলা হয়, ওমানের সঙ্গে একটি সম্ভাব্য কাঠামোগত চুক্তির বিষয়ে দেশটির আইনপ্রণেতারা নীতিগতভাবে একমত হয়েছেন, তবে চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়াটি এখনো বাকি রয়েছে।

