বিপ্লবোত্তর একটি দেশ যখন নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধান সেই দুর্বলতার সুযোগ নিয়ে হামলা চালিয়ে বসেন। এভাবেই সূচনা হয়েছিল আধুনিক ইতিহাসের অন্যতম দীর্ঘ ও রক্তক্ষয়ী ইরান-ইরাক যুদ্ধের। প্রায় আট বছর ধরে চলা এই যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন পাঁচ লাখের বেশি মানুষ। একদা ইরান দখলের উদ্দেশ্যে যুদ্ধ শুরু করা ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে শেষ পর্যন্ত নিজের দেশের আদালতেই ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছিল।
১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর দুপুরে ইরাকের প্রায় ১৯২টি যুদ্ধবিমান আকস্মিকভাবে ইরানের আকাশে ঢুকে পড়ে তীব্র বিমান হামলা শুরু করে। ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের লক্ষ্য ছিল অতর্কিত হামলার মাধ্যমে প্রতিপক্ষের প্রতিরোধ ক্ষমতা ভেঙে দেওয়া, যেন তাঁর পদাতিক বাহিনী অনায়াসে সীমান্ত পেরিয়ে ইরানে প্রবেশ করতে পারে। সামরিক শক্তিতে এগিয়ে থাকা সাদ্দাম ভেবেছিলেন দ্রুতই ইরানকে কাবু করা সম্ভব হবে। কিন্তু বাস্তবে এই যুদ্ধ আট বছর স্থায়ী হয়েছিল, যা আধুনিক যুগের অন্যতম ভয়াবহ ও প্রাণঘাতী সংঘাত হিসেবে পরিচিত।
ঐতিহাসিকভাবে সামরিক শক্তির এমন ভুল হিসাবের পুনরাবৃত্তি ঘটেছে সাম্প্রতিক সময়েও। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর বড় ধরনের হামলা চালায়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ কয়েকজন শীর্ষ সামরিক-বেসামরিক কর্মকর্তা নিহত হন। ট্রাম্প দম্ভভরে বলেছিলেন ইরান মাত্র দুই থেকে চার সপ্তাহ টিকতে পারবে, অথচ সেই যুদ্ধ এখন সাত মাসে গড়িয়েছে এবং পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে।
ইরাক ও ইরানের মধ্যকার বিরোধের ইতিহাস বেশ পুরোনো। ১৯২১ সালে ইরাক রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই সীমানা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়। বিশেষ করে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর সংযোগে গঠিত শাত আল-আরব জলপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের দ্বন্দ্ব ছিল তীব্র। ১৯৭৫ সালের আলজিয়ার্স চুক্তির মাধ্যমে ইরাক এই জলপথের ওপর তার নিয়ন্ত্রণের অংশ ছেড়ে দেয় এবং বিনিময়ে ইরান উত্তর ইরাকে কুর্দি বিদ্রোহীদের প্রতি সমর্থন প্রত্যাহার করে। কিন্তু ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব এই পরিস্থিতিতে বড় পরিবর্তন আনে। বিপ্লবের মাধ্যমে ইরানে পশ্চিমাপন্থী শাহ মোহাম্মদ রেজা পাহলভি সরকারের পতন ঘটে এবং আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে নতুন শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।
এদিকে ১৯৭৯ সালের জুলাইয়ে ইরাকের প্রেসিডেন্ট হন বাথ পার্টির নেতা সাদ্দাম হোসেন। সংখ্যালঘু সুন্নি মুসলিমদের সমর্থনের ওপর ভর করে দেশ শাসন করা সাদ্দাম আশঙ্কা করছিলেন যে, ইরানের ইসলামি বিপ্লব ইরাকেও ছড়িয়ে পড়তে পারে। একই সঙ্গে তিনি ১৯৭৫ সালের চুক্তি বাতিল করে শাত আল-আরবের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যা ছিল পারস্য উপসাগরে ইরাকের একমাত্র প্রবেশপথ।
ইরানে বিপ্লবের পরপরই দেশটির দুর্বল সামরিক সক্ষমতার সুযোগ নিয়ে সাদ্দাম হামলার সিদ্ধান্ত নেন। মার্কিন দূতাবাসে ৫২ জন আমেরিকানকে ৪৪৪ দিন জিম্মি রাখার ঘটনায় ক্ষুব্ধ হয়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর প্রথম দফা নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে আন্তর্জাতিক অঙ্গন থেকে ইরান বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং কেবল লিবিয়া ও সিরিয়া তাদের পাশে দাঁড়ায়। অন্যদিকে পশ্চিমা বিশ্ব সাদ্দাম হোসেনকে জোরালো সমর্থন দেয়। সাদ্দাম ও খোমেনির মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্বও ছিল তীব্র। ১৯৬৫ সালে ইরান থেকে নির্বাসিত হয়ে খোমেনি ইরাকের নাজাফে বসবাস শুরু করেছিলেন, কিন্তু ১৯৭৮ সালে সাদ্দাম সরকারের চাপে তিনি ইরাক ছাড়তে বাধ্য হন। ফ্রান্সে গিয়ে খোমেনি সাদ্দামকে ক্ষমতাচ্যুত করার অঙ্গীকার করেন এবং ইরানে ক্ষমতায় ফিরে সেই ডাক দেন।
১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর বিমান হামলার পর ইরাকি পদাতিক বাহিনী ইরানের তেলসমৃদ্ধ সীমান্তবর্তী খুজেস্তান অঞ্চলে স্থল অভিযান শুরু করে। প্রথম দিকে ইরাক সফল হলেও দ্রুতই ইরানের কঠোর প্রতিরোধের মুখে পড়ে। নিয়মিত সামরিক বাহিনীর সঙ্গে বিপ্লবী মিলিশিয়ারা যোগ দেওয়ায় ইরানের প্রতিরোধ শক্তিশালী হয়ে ওঠে। সাদ্দাম ভেবেছিলেন সাধারণ মানুষ বিপ্লবী সরকারকে সমর্থন দেবে না, কিন্তু বাস্তবে সাধারণ মানুষ দেশ রক্ষায় বাসিজ ফোর্সে যোগ দেয়। অপ্রশিক্ষিত বাসিজ যোদ্ধাদের ব্যবহার করে ইরান 'মানব ঢেউ' বা হিউম্যান ওয়েভ আক্রমণ শুরু করে, যেখানে দক্ষতার চেয়ে সংখ্যাকে বেশি গুরুত্ব দেওয়া হতো। এতে বহু শিশুও প্রাণ হারায়।
১৯৮১ সালে ইরান পাল্টা আক্রমণ শুরু করে এবং ১৯৮২ সালের মধ্যে হারানো সব ভূখণ্ড পুনর্দখল করে নেয়। ইরাক যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও খোমেনি সাদ্দাম সরকারকে উৎখাত করার লক্ষ্যে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ১৯৮৪ সাল থেকে ইরাক যুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার শুরু করে। ১৯৮৮ সালের মার্চে উত্তর-পূর্ব ইরাকে বেসামরিক কুর্দিদের ওপর অন্তত ৩৯টি রাসায়নিক হামলা চালায় ইরাকি বাহিনী, কারণ তারা ইরানকে সমর্থন করেছিল। হালাবজা শহরে সারিন ও মাস্টার্ড গ্যাস হামলায় প্রায় ৫ হাজার বেসামরিক মানুষ নিহত হন, যাদের বেশির ভাগই ছিলেন নারী ও শিশু।
দীর্ঘ সংঘাতের পর উভয় পক্ষই বুঝতে পারে যে যুদ্ধে কারও চূড়ান্ত বিজয় সম্ভব নয়। অবশেষে ১৯৮৮ সালের ২০ আগস্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজোল্যুশন ৫৯৮ অনুযায়ী আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়। আট বছরের এই যুদ্ধে প্রায় ৫ লাখ মানুষ নিহত হন এবং মোট হতাহতের সংখ্যা ছিল ১০ থেকে ২০ লাখের মধ্যে।
এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গভীর ক্ষত রেখে যায়। যুদ্ধের বিশাল ব্যয় মেটাতে কুয়েতসহ বিভিন্ন দেশের কাছ থেকে নেওয়া বিলিয়ন ডলার ঋণের বিরোধের জেরে ১৯৯০ সালে সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করেন। এর জেরে ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাকে হামলা চালায়। পরবর্তীতে ২০০৩ সালে মার্কিন আগ্রাসনে সাদ্দাম সরকারের পতন ঘটে এবং ২০০৬ সালের ৩০ ডিসেম্বর ইরাকি আদালতের রায়ে সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয়। বাগদাদের পলিটিক্যাল ডিসিশন সেন্টারের চেয়ারম্যান হাদি জালো মারি বলেন, এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে এক নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্ম দিয়েছিল, যার প্রভাব আজও বিদ্যমান।
১৯৭০–এর দশকে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধের অন্যতম বিষয় ছিল শাত আল–আরব জলপথের নিয়ন্ত্রণ।টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলনে তৈরি এই জলপথের দক্ষিণ প্রান্ত দুই দেশের মধ্যে ভাগ হয়েছে।
১৯২৫ সালে রাসায়নিক অস্ত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপকারী জেনেভা প্রটোকল অনুমোদনের পর নিজ দেশেই কুর্দিদের ওপর ইরাকের হামলাকে রাসায়নিক অস্ত্রের সবচেয়ে স্পষ্ট ও প্রাণঘাতী ব্যবহারের উদাহরণ হিসেবে দেখা হয়।.ইরান আক্রমণাত্মক অবস্থানে চলে গেলে ইরাক নিজেদের প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করে তোলে।

