ইরানের পশ্চিমাঞ্চলে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জ্বালানি বহনকারী ট্যাংকার বিস্ফোরিত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হামেদান-সানান্দাজ মহাসড়ক দিয়ে যাওয়ার সময় ট্যাংকারটি দুর্ঘটনার কবলে পড়ে। সানান্দাজের গভর্নর আরশাদ জাহেদ জানিয়েছেন, ট্যাংকারটির ব্রেকিং সিস্টেমে কোনো ধরনের কারিগরি ত্রুটি থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার পরপরই ট্যাংকারটিতে আগুন ধরে যায়। পরবর্তীতে জরুরি সেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে গভর্নর নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় কিংবা দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

