যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দীর্ঘ কয়েক মাসের যুদ্ধ এখনই বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার চিকিৎসকদের সঙ্গে এক বৈঠকে তিনি মন্তব্য করেন যে, বর্তমানে ইরান শক্তি ও মর্যাদার এক অবস্থানে রয়েছে, তাই এই যুদ্ধ শেষ করার জন্য এখনই উপযুক্ত সময়।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান দাবি করেন, বিশ্ব এখন ইরানের বিজয় স্বীকার করছে। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগ তুলে বলেন, তারা ইরানের স্কুল, হাসপাতাল এবং বিভিন্ন অবকাঠামোয় হামলা চালিয়েছে, যার ফলে বিশ্বজুড়ে দেশটির প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়েছে।
গত জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক নিয়ে দেশের কট্টরপন্থি এমপিদের সমালোচনারও জবাব দিয়েছেন পেজেশকিয়ান। তিনি স্পষ্ট করে বলেন, ওই চুক্তিতে এমন কোনো ধারা নেই যা আত্মসমর্পণের ইঙ্গিত দেয়; বরং সব প্রতিশ্রুতিই অন্য পক্ষের জন্য প্রযোজ্য।
এদিকে, সমঝোতার মেয়াদ শেষ হওয়ার পর নতুন কোনো হুমকি এলে কঠোর পাল্টা হামলার জন্য ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে বলে সতর্ক করেছেন দেশটির সামরিক নেতৃত্ব। সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি জানিয়েছেন, স্থল, সমুদ্র, আকাশ, আকাশ প্রতিরক্ষা এবং সাইবার—সব ক্ষেত্রেই ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো বিধ্বংসী জবাব দিতে প্রস্তুত রয়েছে।

