বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার করা অনুরোধ নয়াদিল্লির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটিকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) এই সংসদীয় কমিটি তাদের প্রতিবেদন লোকসভায় উপস্থাপন করে।
কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন পররাষ্ট্রবিষয়ক কমিটির নবম প্রতিবেদনের সুপারিশ ও পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে সরকারের নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে এই তথ্য উঠে এসেছে। ‘ভারত–বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, বিদ্যমান আইন ও প্রচলিত প্রক্রিয়া মেনেই শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করছে।
শেখ হাসিনার অনুপস্থিতিতে আদালত মৃত্যুদণ্ড দেওয়ার পর তাঁকে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকার নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানায়। এই অনুরোধের বিষয়টি সামনে আসার পর পার্লামেন্টারি কমিটি সরকারের কাছে পর্যালোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন। পরবর্তীতে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করলে ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অবনতি ঘটে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জোরালো অনুরোধ জানানো হয়েছিল। পরবর্তীতে এ বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পরও দিল্লিকে একই অনুরোধ জানানো হয়েছে।

