বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তোলার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেছে ভারত। মঙ্গলবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত দ্বিসাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রনধীর জয়সোয়াল এ কথা জানান। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার মাধ্যমে সব ধরনের দ্বিপাক্ষিক বিষয় সমাধানে ভারত প্রস্তুত রয়েছে।
মুখপাত্র আরও বলেন, প্রতিষ্ঠিত চ্যানেলের মাধ্যমে দ্বিপাক্ষিক সমস্যাগুলোর সমাধান এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও জোরদার করার বিষয়ে ভারত তার ধারাবাহিক অবস্থান বজায় রেখেছে। তবে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বা বাংলাদেশ প্রতিনিধিদলের কোনো বৈঠকের সম্ভাবনা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে জয়সোয়াল জানান, বর্তমানে তার কাছে এ ধরনের কোনো বৈঠকের তথ্য নেই।
আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত যোধপুর বিমান ঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনীর আয়োজনে অনুষ্ঠিতব্য বহুপাক্ষিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’-তে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গেও কথা বলেন তিনি। এই মহড়ায় সাতটি বিদেশি দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে। এ বিষয়ে জয়সোয়াল পুনর্ব্যক্ত করেন যে, ভারত বাংলাদেশের সঙ্গে সব সময়ই একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায়।
এদিকে, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী চলতি মাসে বাংলাদেশি নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন। এরই অংশ হিসেবে গত সপ্তাহে তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবনে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। ভারতীয় হাই কমিশন জানায়, এই আলোচনা ভারত-বাংলাদেশের দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী জনসম্পর্কের প্রতিফলন। এছাড়া হাই কমিশনার ত্রিবেদী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, পানিসম্পদ মন্ত্রী শফিকুদ্দিন চৌধুরী এ্যানী এবং প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা জাহিদ উর রহমানের সঙ্গেও পৃথক বৈঠক করেছেন।

