ভোট চুরির পর এবার বিক্ষোভের স্থানও চুরি করছে মোদি সরকার

সফল সুপ্রিম কোর্ট অভিযানের পর ইন্ডিয়া জোটের নেতারা অভিযোগ তুলেছেন যে, সরকার ভোট চুরির পাশাপাশি এবার বিক্ষোভ প্রদর্শনের স্থানটিও চুরি করে নিচ্ছে। মঙ্গলবার বিকেলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত এক চা–চক্রে জোটের নেতারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের অঙ্গীকার ব্যক্ত করেন। রাহুল গান্ধী বলেন, এই লড়াই গণতন্ত্র রক্ষা এবং সংবিধান অক্ষত রাখার লড়াই। তিনি আরও বলেন, বিরুদ্ধ স্বর দমাতে সরকার এখন বিক্ষোভের স্থান কেড়ে নিচ্ছে, যা তারা কোনোভাবেই হতে দেবেন না এবং এর বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাবেন। তবে আন্দোলনের পরবর্তী কৌশল আপাতত গোপন রাখা হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার সকালে রাহুল গান্ধী এক এক্স বার্তায় জানিয়েছিলেন যে, গণতন্ত্র রক্ষায় আয়োজিত এই গণ–আন্দোলনে বিরোধী নেতাদের পাশাপাশি ছাত্রসংগঠন ও নাগরিক সমাজের বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে। চা–চক্রে আইনজীবী প্রশান্ত ভূষণ, সমাজকর্মী যোগেন্দ্র যাদব এবং সিপিআই (এমএল) লিবারেশনের নেত্রী নেহা বোরাসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আরজেডি নেতা তেজস্বী যাদব অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান এবং সমাজবাদী পার্টির ইক্রা হাসান ও পুষ্পেন্দ্র সরোজ সোমবারের জনসমাগমকে জনতার সমর্থনের প্রমাণ হিসেবে উল্লেখ করেন। এছাড়া সিপিআই নেতা ডি রাজা ও তৃণমূল কংগ্রেস নেত্রী সাগরিকা ঘোষও জোটবদ্ধ আন্দোলনের ওপর জোর দিয়েছেন। শিবসেনা নেতা সঞ্জয় রাউত সিইসি জ্ঞানেশ কুমারকে নিয়ে তীব্র সমালোচনা করেন এবং তাকে মাফিয়া হিসেবে উল্লেখ করে নির্বাচনব্যবস্থার অপরাধীকরণের অভিযোগ তোলেন।

দিল্লিতে আন্দোলনের উত্তাপের মধ্যে ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস ও অজিঙ্ক শিন্ডে এবং ১০ থেকে ১২ জন সমর্থক যন্তর মন্তরের গেট টপকে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। সিজেপি নেতাদের সন্ধ্যা পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি এবং তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। যন্তর মন্তর অভিযান ঠেকাতে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগ রয়েছে দিল্লি পুলিশ ও সরকারের বিরুদ্ধে, যার শুনানি প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চের অন্যতম বিচারপতি ভি মোহনার অসুস্থতার কারণে পিছিয়ে বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে। এদিকে, দিল্লির ব্যবসায়ীরা আন্দোলনের কারণে ২ হাজার কোটি রুপি ক্ষতির দাবি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সরকার নির্ধারিত বিক্ষোভের স্থানে নির্দিষ্ট বিধি তৈরির আবেদন করেছেন।

ইন্ডিয়া জোট এবং সিজেপি আলাদাভাবে আন্দোলন করলেও তাদের মধ্যে কোনো বিরোধ নেই বলে জানিয়েছেন সিজেপি নেতা অভিজিৎ দিপকে। তিনি অভিযোগ করেন, সরকার কৌশলে জনতার মধ্যে বিভ্রান্তি ও সন্দেহের বীজ বপন করছে, যাতে আন্দোলনরত দলগুলো একে অপরের বিরুদ্ধে লিপ্ত হয়। তিনি সবাইকে এই চক্রান্ত না বুঝে ঐক্যবদ্ধভাবে জ্ঞানেশ কুমার ও তাঁর রক্ষাকর্তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।