মোখা বন্দরে হুথিদের নিয়ন্ত্রণ: ইরানে ‘ঐশী বিজয়’ উদযাপন

ইয়েমেনের লোহিত সাগর তীরবর্তী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখল করে নিয়েছে হুথি বিদ্রোহীরা। তাদের এই সাফল্যকে কেন্দ্র করে ইরানের রাজনৈতিক অঙ্গন ও সংবাদমাধ্যমে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা দিয়েছে। তেহরানের অনেকেই হুথিদের এই জয়কে মূলত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের এক বড় বিজয় হিসেবে বিবেচনা করছেন।

বিদ্রোহীদের এই সাম্প্রতিক দ্রুত অগ্রযাত্রার ফলে ইয়েমেনের বিস্তীর্ণ লোহিত সাগর উপকূল এবং বাব আল-মান্দাবের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকার ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। ইয়েমেনের লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ হুথিদের হাতে যাওয়ার এই ঘটনাকে ‘ঐশী বিজয়’ হিসেবে অভিহিত করে উদযাপন করেছে ইরান। উল্লেখ্য, ২০১৪ সালে পশ্চিমা ও সৌদি আরব সমর্থিত সরকারের বিরুদ্ধে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর রাজধানী সানা দখল করে লড়াই চালিয়ে আসছে জাইদি শিয়া মুসলিম অধ্যুষিত হুথি বিদ্রোহীরা।

হুথিদের এই ‘প্রচণ্ড বিজয়’-এর জন্য তাদের অভিনন্দন জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবের। এক বিবৃতিতে তিনি বলেন, হরমুজ প্রণালিতে ইরানের শক্তি এবং প্রতিরোধ ব্যবস্থার কারণে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বর্তমানে কৌশলগত ও সামরিক দিক থেকে বড় ধরনের অচলাবস্থায় পড়েছে।

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৫৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৫৮