হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় সাগরে পুঁতে রাখা মাইনের আঘাতে চারটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। ২৯ অক্টোবর বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এর আগের দিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছিল, তারা হরমুজ প্রণালির গুরুত্বপূর্ণ নৌপথ থেকে মাইন অপসারণ সম্পন্ন করেছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) তাদের বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের অননুমোদিত পথে চলাচলের সময় তিনটি তেলবাহী জাহাজ মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় এবং সেগুলোতে আগুন ধরে যায়। আইআরজিসির দাবি, সংশ্লিষ্ট জাহাজগুলো তাদের রাডার ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখেছিল এবং নৌবাহিনীর দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করেছিল। তবে এই জাহাজগুলোর পতাকাবাহী দেশ বা ঘটনার সুনির্দিষ্ট সময় সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও বৃহস্পতিবার গভীর রাতে ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল বা ৪৬ কিলোমিটার উত্তর-পূর্বে হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন লাগার খবর নিশ্চিত করেছে। একই এলাকায় এর আগে আরও দুটি ঘটনার খবর দিয়েছিল সংস্থাটি; যার একটিতে একটি ঐতিহ্যবাহী আরবীয় নৌযান ডুবে যায় এবং অন্যটিতে একটি তেলবাহী জাহাজ অজ্ঞাত বস্তু বা ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।
গত কয়েক সপ্তাহে ইরান সাগরে মাইন পাওয়ার বিষয়টি বারবার উল্লেখ করে আসছে। এর বিপরীতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছিল যে, তারা প্রধান নৌপথগুলো থেকে সব মাইন অপসারণ করেছে। তবে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি সামাজিক মাধ্যম এক্সে এই দাবির চ্যালেঞ্জ জানিয়ে স্বাধীন প্রমাণ চেয়েছেন। আইআরজিসি স্পষ্ট করেছে যে, তাদের মতে ওমান উপকূলঘেঁষা দক্ষিণাঞ্চলীয় করিডর দিয়ে জাহাজ চলাচল অননুমোদিত এবং এ পথে চলাচলের দায় সম্পূর্ণভাবে জাহাজ মালিক ও নাবিকদের।
অন্যদিকে, আইআরজিসি হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি এমকিউএম-১৭০ মডেলের গোয়েন্দা ড্রোন জব্দ করার দাবিও করেছে। বিবৃতিতে বলা হয়েছে, তাদের নৌবাহিনীর ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট সফলভাবে এই ড্রোনটি আটক করেছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছে, যা বিশ্বজুড়ে তেল পরিবহনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত।

