মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আবারও বাণিজ্যিক জাহাজে আক্রমণের ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী রোববার (১ নভেম্বর) দাবি করেছে, নৌপথটিতে পুঁতে রাখা সামুদ্রিক মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরিত হয়েছে। অনুমোদনহীন পথ দিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
একই দিনে সামুদ্রিক পথটিতে একটি বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত কোনো বস্তু আঘাত হেনেছে বলেও খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, হরমুজ প্রণালিতে অবস্থানরত একটি বাণিজ্যিক জাহাজের ক্যাপ্টেন বিপৎসংকেত (মেডে) পাঠান। বারতায় তিনি উল্লেখ করেন, অজ্ঞাতপরিচয় কোনো বস্তুর আঘাতে অন্য একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে গত শুক্রবার উপসাগরীয় জলসীমায় কাতারের একটি গ্যাসবাহী ট্যাংকারে হামলার তথ্য প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কাতার নিউজ এজেন্সি। আক্রান্ত জাহাজটি কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানির মালিকানাধীন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহণকারী ট্যাংকার ‘আল-মায়েদা’। নৌপথে চলাচলের সময় অজ্ঞাতপরিচয় বস্তু দিয়ে জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়।
তবে এ হামলায় ‘আল-মায়েদা’ জাহাজে থাকা কোনো নাবিক আহত হননি এবং সামুদ্রিক পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি বলে কাতার নিউজ এজেন্সির প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানির বরাত দিয়ে জানানো হয়, জাহাজটি বর্তমানে সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং স্বাভাবিকভাবে চলাচলের উপযোগী অবস্থায় আছে।

