নেপাল-তিব্বত সীমান্তের কাছে অবস্থিত একটি বাঁধসদৃশ হ্রদের তীর ভেঙে যাওয়ার ‘উচ্চ ঝুঁকি’ রয়েছে বলে সতর্ক করেছে চীন। সাম্প্রতিক ভূমিধসের ফলে নদীর প্রবাহ বাধাগ্রস্ত হয়ে এই জলাধারটি তৈরি হয়েছে, যা এখন ভাটির দিকে দ্বিতীয় দফা বন্যার কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত ওই হ্রদে আনুমানিক ২৫ লাখ ঘনমিটার পানি জমা হয়েছে। চীনের পানি সম্পদ মন্ত্রণালয়ের ভাষ্যমতে, ছোচেন খোলা ও পুরেপু সাংপো নদীর মিলনস্থলে গঠিত এই হ্রদটি বৃহস্পতিবার থেকেই উপচে পড়তে শুরু করেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে সপ্তাহান্তের মধ্যে হ্রদটিতে আরও প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি প্রবাহিত হতে পারে, যা তীর ভেঙে পড়ার ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলেছে। এই পরিস্থিতির কারণে উদ্ধারকাজ সাময়িকভাবে স্থগিত করা হলেও পরে তা পুনরায় শুরু করেছে চীন।

