গ্রিসে দাবানল নেভানোর সময় হেলিকপ্টার সংঘর্ষে নিহত ২

গ্রিসে দাবানল নেভানোর কাজে নিয়োজিত দুটি হেলিকপ্টারের মধ্যে আকাশে সংঘর্ষের ঘটনায় দুই ক্রু সদস্য প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে একজন ডেনমার্কের নাগরিক ও পেশায় পাইলট এবং অন্যজন গ্রিসের ফায়ার সার্ভিসের একজন সমন্বয়কারী কর্মকর্তা।

রোববার অ্যাটিকা-বোয়েতিয়া সীমান্তে দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার হেলিকপ্টারগুলোর একটি অপরটির প্রপেলারে আঘাত করলে একটিতে আগুন ধরে যায় এবং সেটি একটি গিরিখাতে আছড়ে পড়ে। অপর হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে সক্ষম হয়। উদ্ধারকারী দল একটি হেলিকপ্টারের দুই ক্রুকে জীবিত উদ্ধার করলেও অন্যটির দুই ক্রুকে অচেতন অবস্থায় উদ্ধার করে, যাদের পরবর্তীতে মৃত ঘোষণা করা হয়েছে।

গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের অকাল প্রয়াণে শোক জানিয়েছেন। দুর্ঘটনার পর গ্রিসের বেসামরিক সুরক্ষা মন্ত্রণালয় দেশটির সব বেল হেলিকপ্টার সাময়িকভাবে উড্ডয়ন থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

গ্রিসসহ ইউরোপের বিভিন্ন দেশে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের কারণে চলতি সপ্তাহে বেশ কয়েকটি ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। একইভাবে ফ্রান্স ও স্পেনেও বড় ধরনের দাবানল দেখা দিয়েছে, যার ফলে প্রায় ৩ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও ফ্রান্স ও স্পেনের আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।