যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ৪৮ ঘণ্টায় প্রাণ গেল ৬ ফিলিস্তিনির

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান অস্থিরতার মধ্যে গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় নতুন করে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত দৈনিক পরিসংখ্যানে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় প্রাণ হারানো ছয়জনের মধ্যে চারজন সাম্প্রতিক হামলায় নিহত হয়েছেন। বাকি দুজন আগে আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন, যারা পরবর্তী সময়ে মারা যান। একই সময়ের ব্যবধানে আরও ২৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

২০২৫ সালের ১১ অক্টোবর ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজা উপত্যকায় এখন পর্যন্ত মোট ৫ হাজার ৭১১ জন আহত হয়েছেন। এছাড়া, এই সময়ের মধ্যে ধ্বংসস্তূপ থেকে ৮৪৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে যুদ্ধবিরতি শুরুর পর থেকে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৫৮০ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামগ্রিক হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সামরিক অভিযানে এ পর্যন্ত অন্তত ৭৪ হাজার ৫৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৮৩৪ জনে।