এফবিআইয়ের হাজার হাজার কর্মকর্তার সংবেদনশীল তথ্য চুরির দাবি হ্যাকারদের

যুক্তরাষ্ট্রের প্রধান কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) হাজারো কর্মকর্তার বিপুল পরিমাণ সংবেদনশীল ব্যক্তিগত তথ্য চুরির দাবি করেছে ‘শাইনিহান্টার্স’ নামে পরিচিত একটি হ্যাকার দল। গত মঙ্গলবার তারা এই দাবি করে। সম্ভাব্য এই হ্যাকিংয়ের খবরটি প্রথম প্রকাশ করে অনলাইন সাইবার নিরাপত্তা ও প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ৪০৪ মিডিয়া (৪০৪)। অপরাধী চক্র পর্যবেক্ষণকারী এফবিআইয়ের সাবেক কর্মকর্তা এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেছেন, তথ্য ফাঁসের এই ঘটনা সত্যি বলেই মনে হচ্ছে। ঘটনাটি সত্যি হলে যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন প্রয়োগকারী সংস্থার জন্য এটি একটি বড় ধরনের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা হতে পারে।

হ্যাকার দলটি দাবি করেছে, এফবিআইয়ের একটি অনলাইন চাকরির পোর্টাল থেকে এসব নথি চুরি করা হয়েছে। এর মধ্যে বর্তমান ও সাবেক গোয়েন্দা কর্মকর্তাদের পাশাপাশি আবেদনকারীদের নাম, স্থায়ী ঠিকানা, ফোন নম্বর, স্বামী বা স্ত্রীর নাম, চিকিৎসাসংক্রান্ত তথ্য এবং অন্যান্য সংবেদনশীল তথ্য রয়েছে। তবে দলটি এখনো এসব তথ্য প্রকাশ্যে ফাঁস করেনি বলে মনে হচ্ছে।

এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল এবং সংস্থাটির সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান ব্রেট লেদারম্যানকে উদ্দেশ করে অনলাইনে পোস্ট করা এক বার্তায় হ্যাকার দলটি বলেছে, ‘আমরা এফবিআইয়ের নিরাপত্তাবলয় ভেদ করেছি।’ তাদের দাবি, এফবিআইয়ের প্রায় সব এজেন্ট এবং চাকরির আবেদনকারীদের অত্যন্ত সংবেদনশীল তথ্য এখন তাদের কাছে রয়েছে।

শাইনিহান্টার্স জানিয়েছে, চলতি বছরের মার্চ থেকে মে মাসের দিকে এফবিআই তাদের কৌশল সম্পর্কে সতর্ক করে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছিল। তারই প্রতিশোধ হিসেবে তারা এফবিআইকে লক্ষ্যবস্তু করেছে। তারা এক সপ্তাহের মধ্যে ওই বিজ্ঞপ্তিটি সংশোধন বা সম্পূর্ণরূপে অপসারণের দাবি জানিয়েছে এবং দাবি না মানলে আরও গুরুতর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে। ওই বিজ্ঞপ্তিতে শাইনিহান্টার্সকে ভুক্তভোগী ও তাদের পরিবারকে হুমকি এবং ব্ল্যাকমেলকারী দল হিসেবে উল্লেখ করা হয়েছিল।

এফবিআইয়ের এক মুখপাত্র তথ্য ফাঁসের বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, সংস্থাটি এই দাবির বিষয়ে অবগত এবং তদন্ত চালাচ্ছে। এফবিআইজবস ডট জিওভি (FBIJobs.gov) পোর্টালটিকে সহায়তা করা থার্ড পার্টি সেবাদাতাদের সঙ্গে কাজ করার পাশাপাশি তথ্য ফাঁসের উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে। বুধবার সকালেও ওয়েবসাইটটিতে প্রবেশ করা যায়নি এবং আগের দিন সাইটটির হোমপেজে শাইনিহান্টার্সের দখলের একটি ব্যানার দেখা গিয়েছিল।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, তথ্য ফাঁসের এই ঘটনা সংস্থাটির জন্য অত্যন্ত বিপজ্জনক এবং পাল্টা গোয়েন্দা তৎপরতার জন্য বড় হুমকি হতে পারে। বিশেষ করে এসব তথ্য ডার্ক ওয়েবে গেলে তা চীন বা রাশিয়ার মতো দেশের গোয়েন্দা সংস্থাগুলো হাতিয়ে নিতে পারে। এছাড়া অপরাধীরা প্রতিশোধ নিতে এজেন্টদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক কর্মকর্তারা।

শাইনিহান্টার্স অতীতে বেশ কিছু বড় হ্যাকিংয়ের জন্য পরিচিত। চলতি বছরের মে মাসে তারা ক্যানভাস নামের একটি অনলাইন লার্নিং সিস্টেম হ্যাক করার দাবি করেছিল। এছাড়া ২০২৪ সালে টিকিটমাস্টারের ওপর সাইবার হামলায় ৫০ কোটির বেশি গ্রাহকের তথ্য ফাঁসের পেছনেও তাদের ভূমিকা ছিল বলে জানা যায়। এই হ্যাকার দলটি এবার ওরাকল পিপলসফট সফটওয়্যারের একটি জিরো ডে ত্রুটি ব্যবহার করার কথা জানিয়েছে। তারা দাবি করেছে, তাদের এই কর্মকাণ্ডের পেছনে কোনো আর্থিক উদ্দেশ্য নেই, বরং সত্যকে সামনে আনাই তাদের লক্ষ্য।