আফ্রিকার বিভিন্ন অঞ্চলের চলমান সংঘাত ও সংকটগুলোর শান্তিপূর্ণ সমাধানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। একই সঙ্গে তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পাশাপাশি দেশগুলোর ঐক্য ও সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। শনিবার মিসরের নিউ আলামেইনে শুরু হওয়া তিন দিনব্যাপী ‘আলামেইন আফ্রিকা ফোরাম’-এর উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই আয়োজনে আফ্রিকার বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সিসি বলেন, অস্থিতিশীল কোনো দেশে প্রকৃত অর্থনৈতিক উন্নয়ন অর্জন করা সম্ভব নয়। বিনিয়োগকারী, উৎপাদক ও কৃষকরা যাতে একটি নিরাপদ ও অনুকূল পরিবেশে কাজ করতে পারেন, সেজন্য স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। আফ্রিকার সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে জাতীয় রাষ্ট্র ও তার প্রতিষ্ঠানগুলোকে সমর্থন জোগানো এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
মহাদেশটির অর্থনীতিতে বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে মিসরের প্রেসিডেন্ট জানান, আফ্রিকার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৭০ শতাংশের বেশি অংশ আসে বেসরকারি খাত থেকে। তবে আফ্রিকার দেশগুলোর নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ বাণিজ্যের পরিমাণ সাম্প্রতিক বছরগুলোতে মহাদেশটির মোট বাণিজ্যের মাত্র ১৮ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। এছাড়া বিশ্বজুড়ে চলমান সংকটের নেতিবাচক প্রভাব থেকে আফ্রিকাকে মুক্ত রাখার তাগিদ দিয়ে সিসি বলেন, জ্বালানি, সার ও পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে আফ্রিকার দেশগুলো বর্তমানে তীব্র চাপের মুখোমুখি হচ্ছে।

