ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিকে কেন্দ্র করে শনিবার নয়াদিল্লি এক রণক্ষেত্রে পরিণত হয়। ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। শহরকে দুর্গে পরিণত করতে ৪০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়, সেই সাথে বসানো হয় ব্যারিকেড ও কাঁটাতারের স্পাইক স্ট্রিপ। অনেকেই এই পরিস্থিতিকে ‘অঘোষিত জরুরি অবস্থা’ হিসেবে অভিহিত করেছেন।
বিক্ষোভ দমনে পুলিশ সাবেক চার মুখ্যমন্ত্রীসহ অন্তত সাত হাজার বিক্ষোভকারীকে আটক করেছে। আটকদের তালিকায় রয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, বিরোধী দলের শীর্ষ নেতা, আন্দোলনরত শিক্ষার্থী এবং বিক্ষোভের খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকরা। যদিও পরবর্তী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়ালকে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া সিপিআই (এম)-এর সাধারণ সম্পাদক এমএ বেবি, প্রবীণ বামপন্থি নেত্রী বৃন্দা কারাত, সিপিআই (এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, সমাজকর্মী যোগেন্দ্র যাদব, আইনজীবী প্রশান্ত ভূষণ এবং বিজেপির সাবেক বিধায়ক বিক্রম সিংহের মেয়ে যশস্বিনী রাজে সিংহকেও আটক করা হয়। ইউটিউবার ও রাজনৈতিক বিশ্লেষক ধ্রুব রাঠিকেও তার গুরুগ্রামের বাসা থেকে আটক করা হয়েছে। এছাড়া আইসা সভাপতি নেহা বোরা এবং অভিনেতা ইমরান খানকেও পুলিশ আটক করেছে।
রাজধানীর যন্তর মন্তরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। দিল্লির প্রায় ৪৫টি মেট্রোরেল স্টেশনে প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ রাখা হয় এবং যানজটের আশঙ্কায় নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিনগামী সব মেইল ও এক্সপ্রেস ট্রেন চলাচল দুপুর পর্যন্ত বাতিল করা হয়। এছাড়া রাজধানীজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। এই কঠোর পরিস্থিতির মধ্যেই বিক্ষোভকারীরা কয়েক কিলোমিটার হেঁটে যন্তর মন্তরে পৌঁছানোর চেষ্টা করলে পুলিশ তাদের বাসে তুলে নিয়ে যায়। আগে থেকেই বিক্ষোভকারীদের আটক করার জন্য পুলিশ সারি সারি বাস সাজিয়ে রাখে এবং আটকদের রাখার জন্য জায়গাও প্রস্তুত করা হয়।
সিজেপির অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত সিদ্ধান্তগুলো অন্য দুই কমিশনারের মতামত উপেক্ষা করে এককভাবে গ্রহণ করেছেন জ্ঞানেশ কুমার। এরই প্রতিবাদে এই আন্দোলন। এর আগে সকালে মুম্বাই থেকে দিল্লি পৌঁছানোর পর সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলটির নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে বিমান থেকে আটক করে পুলিশ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নেতাদের আলাদা জায়গায় নেওয়া হয়েছে। এদিকে দিল্লির যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার আবেদনের ওপর রোববার সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে।
দিল্লির বাইরেও এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। ব্যাঙ্গালুরুর ফ্রিডম পার্কে আইসা কর্মীরা, মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে প্রায় ৪০০ জন, চেন্নাইয়ে এআইএসএফ ও এআইওয়াইএফ কর্মীরা এবং চণ্ডীগড়, কলকাতা, পাটনা ও হায়দ্রাবাদেও বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দল প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।

