দিল্লিতে ধসে পড়ল ৬ তলা ভবন, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ার শঙ্কা

ভারতের রাজধানী দিল্লিতে একটি ছয়তলা ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। রবিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। ভবনটি ধসে পড়ার পর থেকেই উদ্ধারকারীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ভবনটি ৭৫ শয্যার একটি পেয়িং গেস্ট (পিজি) আবাসন হিসেবে ব্যবহৃত হতো। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, এটি ‘হোস্টেল ডেজ’ নামের পুরুষদের একটি পিজি ছিল। ধসের সময় ভবনটির ভেতরে অন্তত ৫০ জন শিক্ষার্থী অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে, কারণ রবিবার হওয়ায় বেশিরভাগ শিক্ষার্থীই সেই সময় ভেতরে ছিলেন।

ঘটনাস্থলে উপস্থিত এক শিক্ষার্থী সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, ধ্বংসস্তূপের ভেতর থেকে তিনি সাহায্যের জন্য মানুষের আর্তনাদ শুনতে পেয়েছেন। স্থানীয় অনেকেই উদ্ধারকারী দলের জন্য অপেক্ষা না করে নিজ হাতে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের সন্ধানে খোঁড়াখুঁড়ি শুরু করেন।

দিল্লি পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় পুলিশ, দমকল বাহিনী, অ্যাম্বুলেন্সসহ অন্যান্য জরুরি পরিষেবা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছেছে। এখন পর্যন্ত ছয়জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।