প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফরকে সামনে রেখে বেশ কিছু সুস্পষ্ট শর্ত ও বার্তা দিয়েছে বাংলাদেশ। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে হতে যাওয়া এই দ্বিপাক্ষিক সফরটি সফল করতে একটি ‘অনুকূল পরিবেশ’ তৈরি করা জরুরি বলে মনে করছে ঢাকা।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এক ব্রিফিংয়ে বিষয়টি পরিষ্কার করেছেন। বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া মূল শর্তগুলোর মধ্যে রয়েছে—দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক আসামিদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো। এছাড়া, শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদের হস্তান্তরের দাবিও জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যদিও গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে এই সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, তবে সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড ও সংবাদ সম্মেলনের কারণে কূটনৈতিক পরিবেশ কিছুটা ব্যাহত হয়েছে। এ কারণে সফরের চূড়ান্ত সূচি নির্ধারণের আগে বাংলাদেশ এসব সংবেদনশীল বিষয়ের সুরাহা এবং কার্যকর পদক্ষেপের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

