চীনের বন্দরে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, ২০ জনের প্রাণহানি

চীনের উত্তর-পূর্ব উপকূলের গুরুত্বপূর্ণ নৌবন্দর ছিংদাওয়ের বেইহাই শিপবিল্ডিং কোম্পানিতে মেরামতের জন্য নোঙর করা একটি কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও পাঁচজন এখনো নিখোঁজ রয়েছেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রকাশিত ছবি ও তথ্যানুযায়ী, জাহাজটি ‘ওশান মেলোডি’ হিসেবে শনাক্ত করা হয়েছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভেসেলফাইন্ডার জানিয়েছে, জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী। অগ্নিকাণ্ডের সময় জাহাজটিতে মোট ৪২ জন কর্মী উপস্থিত ছিলেন। এদের মধ্যে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে এবং আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ প্রচেষ্টার পর দুপুর ২টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন উদ্ধারকারীরা। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে জাহাজের কর্মীদের আগুন নেভানোর চেষ্টা করতে দেখা গেছে।

দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে দ্রুত অভিযান পরিচালনার জন্য ‘গুরুত্বপূর্ণ নির্দেশনা’ দিয়েছেন। একই সঙ্গে তিনি দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। বড় ধরনের ও ভয়াবহ দুর্ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াংও জাহাজে আটকে পড়া ব্যক্তিদের দ্রুত উদ্ধারের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য যে, যে প্রতিষ্ঠানে জাহাজটি মেরামতের জন্য রাখা হয়েছিল, সেই বেইহাই শিপবিল্ডিং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশনের (সিএসএসসি) একটি অঙ্গপ্রতিষ্ঠান। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম জাহাজ নির্মাণ ও মেরামতকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। বেইহাই শিপবিল্ডিংয়ের ওয়েবসাইট অনুযায়ী, তাদের প্রধান কার্যক্রমের মধ্যে জাহাজ নির্মাণ ও মেরামত অন্তর্ভুক্ত রয়েছে।