প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ এএম। পাকিস্তান সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, বেলুচিস্তানে পরিচালিত এক বিশেষ অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত হয়েছেন। টিআরটি ওয়ার্ল্ডের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। তবে ইসলামাবাদের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত নয়াদিল্লি বা কাবুলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অন্যদিকে, আফগানিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, পাকিস্তান থেকে আসা তথাকথিত দায়েশ সদস্যরা সীমান্ত পেরিয়ে দেশটির নুরিস্তান প্রদেশে প্রবেশের পর আফগান বাহিনীর অভিযানে ২৮ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন। তবে এই দাবিকে 'হাস্যকর, ভিত্তিহীন ও সম্পূর্ণ অসত্য' বলে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।
পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নুরিস্তান বা আফগানিস্তানের অন্য কোনো স্থানে অভ্যন্তরীণ সংঘাতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বা গোয়েন্দা সংস্থার জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। একই সঙ্গে সাবেক আফগান নিরাপত্তা সদস্যদের প্রশিক্ষণ দেওয়া কিংবা দায়েশ বা অন্য কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা করার বিষয়টিও পাকিস্তান দৃঢ়ভাবে নাকচ করে দিয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে ধারাবাহিক সন্ত্রাসী হামলার ঘটনার জন্য পাকিস্তান বরাবরই ভারত ও আফগানিস্তানকে দায়ী করে আসছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের তালেবান সরকার তাদের মাটি ব্যবহার করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে কার্যক্রম চালানোর সুযোগ দিচ্ছে। কাবুল অবশ্য বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে এবং তাদের ভূখণ্ড থেকে পাকিস্তানের বিরুদ্ধে কোনো হামলার অনুমতি দেওয়া হয় না বলে জানিয়ে আসছে।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সন্ত্রাসী হামলার হার বেড়েছে। এসব হামলার অধিকাংশই টিটিপি চালিয়েছে বলে ধারণা করা হয়। গত বৃহস্পতিবার পাকিস্তান আফগানিস্তানের অভ্যন্তরে ১০টি স্থানে ড্রোন ও বিমান হামলা চালায়। ইসলামাবাদ এই হামলাকে 'পরিকল্পিত, নির্ভুল, পরিমিত ও আনুপাতিক' বলে দাবি করেছে এবং জানিয়েছে যে, এসব লক্ষ্যবস্তু সরাসরি ড্রোন হামলার চেষ্টার সঙ্গে জড়িত ছিল। পাকিস্তান অবিলম্বে আফগান তালেবানের প্রতি তাদের ভূখণ্ড থেকে পরিচালিত সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছে।

