নেপালে আকস্মিক বন্যায় ৩২০ ভারতীয় নাগরিক নিখোঁজ

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দেশটিতে ৩২০ জন ভারতীয় নাগরিকের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বা তারা নিখোঁজ রয়েছেন। পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটায় এই সংখ্যা বাড়তে বা কমতে পারে বলে সতর্ক করেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র জানান, নেপালে আটকে পড়া ২১ জন ভারতীয় পর্যটককে উদ্ধার করে নিরাপদে দিল্লিতে ফিরিয়ে আনা হয়েছে, যারা মূলত তামিলনাড়ুর বাসিন্দা। এছাড়া ত্রিশূলী প্রজেক্টে কর্মরতদের মধ্যে এখন পর্যন্ত ৬৩ জনকে উদ্ধার করা হয়েছে। চীনের দিকে আটকে থাকা প্রায় ৪০০ জন ভারতীয় নাগরিক সুরক্ষিত আছেন এবং তারা পরিবারের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন। এর মধ্যে ৯৬ জন ভারতীয় নাগরিক নিরাপদে স্থলপথে নেপাল সীমান্তে পৌঁছেছেন এবং তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

নিখোঁজ বা যোগাযোগ বিচ্ছিন্ন নাগরিকদের পাশাপাশি প্রায় ১০০ জন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির সাথেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে মন্ত্রণালয়। এই ব্যক্তিদের অন্য দেশের নাগরিকত্ব রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সাথে যোগাযোগের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।