উন্নত চিকিৎসার জন্য ভারতে গিয়ে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে মৃত্যুর কোলে ঢলে পড়লেন গাজীপুরের দুই বন্ধু। গত ১৫ই জুন চিকিৎসার উদ্দেশ্যে তারা দেশ ছেড়েছিলেন। পরে তাদের বন্ধু মো. আবু নাহিদ মরদেহ দুটি গ্রহণ করে বাংলাদেশে নিয়ে আসেন। ১৬ই আগস্ট রাতে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মরদেহ দুটি দেশে আনা হয়।
দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা যায়, গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া এলাকার মো. হাবিবুর রহমান (৫৮) এবং কালীগঞ্জের কাপাসিয়া এলাকার বিল্লাল মাঝি (৫০) চিকিৎসার জন্য ভারতে গিয়ে কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল মাঝি ৯ই আগস্ট রাত ৯টা ১৫ মিনিটে এবং হাবিবুর রহমান পরদিন ১০ই আগস্ট রাত ৭টা ৪৭ মিনিটে মারা যান। তথ্য অনুযায়ী, হাবিবুর রহমান স্ট্রোকজনিত জটিলতায় এবং বিল্লাল মাঝি লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
ভারতে প্রয়োজনীয় আইনি ও ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে মো. আবু নাহিদ মরদেহ দুটি গ্রহণ করেন। ১৬ই আগস্ট সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিল্লালের মরদেহ এবং সাড়ে ৭টায় হাবিবুরের মরদেহ দর্শনা চেকপোস্টে এসে পৌঁছায়। পরে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশের বিজিবি’র সহায়তায় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। একসঙ্গে চিকিৎসার আশায় বিদেশ পাড়ি দিয়ে দুই বন্ধুর এভাবে ফিরে আসায় স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

