স্ট্রোকের ক্ষেত্রে প্রতিটি মিনিট যেমন জরুরি, তেমনি জরুরি এর পূর্বপ্রস্তুতি ও দৈনন্দিন সচেতনতা। অনেকে স্ট্রোককে একটি হঠাৎ ঘটে যাওয়া আকস্মিক ঘটনা মনে করলেও এর নেপথ্যে দীর্ঘদিনের কিছু শারীরিক সমস্যা ও অস্বাস্থ্যকর জীবনযাপন ভূমিকা রাখে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অতিরিক্ত কোলেস্টেরল, ধুমপান, শারীরিক নিষ্ক্রিয়তা, অতিরিক্ত ওজন এবং অস্বাস্থ্যকর খাবারের অভ্যাসে স্ট্রোকের ঝুঁকি বাড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) তথ্যানুযায়ী, উচ্চ রক্তচাপ, অনিয়মিত দৈহিক কার্যকলাপ, অতিরিক্ত ওজন, প্রক্রিয়াজাত খাদ্য, রক্তের উচ্চ এলডিএল কোলেস্টেরল ও শর্করার মাত্রা হলো পরিবর্তনযোগ্য প্রধান ঝুঁকি।
স্ট্রোক এড়াতে কেবল ওজন কমানোই যথেষ্ট নয়, শরীরকে নিয়মিত সক্রিয় রাখা আবশ্যক। শারীরিক সক্রিয়তা সরাসরি রক্তচাপ, রক্তে শর্করা, ওজন এবং হৃদযন্ত্র ও রক্তনালির স্বাস্থ্য উন্নত করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাপ্তবয়স্কদের জন্য প্রতি সপ্তাহে কমপক্ষে ১৫০ মিনিট মাঝারি মাত্রার শারীরিক কাজ করার পরামর্শ দিয়েছে। এর জন্য প্রতিদিন জিমে যাওয়া বাধ্যতামূলক নয়; নিয়মিত দ্রুত হাঁটা, সাইকেল চালানো, সাঁতার কাটা, নাচ, লিফটের বদলে সিঁড়ি ব্যবহার কিংবা সক্রিয় থাকার মাধ্যমেও এটি পূরণ করা যায়। পাশাপাশি দীর্ঘ সময় একটানা বসে থাকার প্রবণতা কমানো জরুরি। সাম্প্রতিক স্ট্রোক প্রতিরোধ গাইডলাইনেও এ ধরনের আলসেমি বা বসে থাকার অভ্যাস কমানোর তাগিদ দেওয়া হয়েছে।
খাদ্যাভ্যাসের ক্ষেত্রে সাময়িক ডায়েট না করে টেকসই পুষ্টির অভ্যাসে নজর দেওয়া উচিত। স্ট্রোক প্রতিরোধের নির্দিষ্ট কোনো ‘সুপারফুড’ নেই, বরং প্রতিদিনের খাদ্যতালিকায় ফলমূল, শাকসবজি, পূর্ণ শস্য, ডাল, বাদাম ও স্বাস্থ্যকর প্রোটিন বেশি রাখা প্রয়োজন। একই সঙ্গে অতিরিক্ত লবণ, চিনি, স্যাচুরেটেড ফ্যাট এবং অতিপ্রক্রিয়াজাত খাবার বর্জন করা দরকার। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন ও আমেরিকান স্ট্রোক অ্যাসোসিয়েশনের ২০২৪ সালের প্রাথমিক প্রতিরোধ নির্দেশিকায় ‘মেডিটেরেনিয়ান ডায়েট’ সুপারিশ করা হয়েছে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এর মূল অর্থ হলো পরিচিত স্থানীয় খাবারের মধ্যেই শাকসবজি, ডাল, মাছ ও বাদামের পরিমাণ বাড়ানো এবং ভাজাপোড়া, লবণ ও ক্ষতিকর চর্বি কমিয়ে আনা।
World Stroke Organization-এর তথ্য অনুযায়ী, উচ্চ রক্তচাপ স্ট্রোকের সবচেয়ে বড় ঝুঁকিগুলোর একটি এবং প্রায় অর্ধেক স্ট্রোকের সঙ্গে এর সম্পর্ক রয়েছে। কোনো উপসর্গ না থাকলেও রক্তচাপ বেশি থাকতে পারে, তাই মাথা ঘোরা বা মাথাব্যথার ওপর নির্ভর না করে নিয়মিত রক্তচাপ মেপে দেখা উচিত। যাদের ইতোমধ্যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা উচ্চ কোলেস্টেরলের মতো দীর্ঘমেয়াদি রোগ রয়েছে, তাদের শুধু জীবনযাত্রায় পরিবর্তন আনলেই চলবে নাকি ওষুধের প্রয়োজন আছে, তা চিকিৎসকের মাধ্যমে নির্ধারণ করতে হবে।
ধূমপান স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়, তাই এটি পুরোপুরি বন্ধ করা এবং পরোক্ষ ধূমপান এড়িয়ে চলা অন্যতম প্রধান পদক্ষেপ। এছাড়া অতিরিক্ত অ্যালকোহল সেবনও এড়িয়ে চলতে হবে। শরীরকে সুস্থ রাখতে পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ আবশ্যক। তবে কেবল স্ট্রেস কমালেই স্ট্রোক হবে না—এমন সরলীকৃত ধারণার বদলে মানসিক স্বাস্থ্যকে সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে দেখা দরকার।
যদি হঠাৎ স্ট্রোক হয়েই যায়, তবে তাৎক্ষণিক লক্ষণ চেনা ও দ্রুত ব্যবস্থা নেওয়া জীবন বাঁচাতে পারে। হঠাৎ মুখের একপাশ বেঁকে যাওয়া, হাত বা পায়ে দুর্বলতা ও অবশ ভাব, কথা জড়িয়ে যাওয়া, দৃষ্টির সমস্যা, মাথা ঘোরা কিংবা শরীরের ভারসাম্য হারানোর মতো লক্ষণ দেখা দিলে সময় নষ্ট না করে জরুরি চিকিৎসা নিতে হবে। এ ক্ষেত্রে সহজ সংকেত ‘FAST’ (Face, Arm, Speech, Time) মনে রাখা যায়। World Stroke Organization-এর এবারের বার্তাও তাই Every M1nute Counts। খাবার, ঘুম, ব্যায়াম কিংবা রক্তচাপ পরীক্ষার মতো প্রতিদিনের ছোট ছোট স্বাস্থ্যকর অভ্যাসের মাধ্যমে যে ফিটনেস প্ল্যান গড়ে ওঠে, সেটিই স্ট্রোক প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।
(লেখক : রাইসা মেহজাবীন, ফিটনেস পুষ্টিবিদ পাবলিক হেলথ নিউট্রিশন, নর্থ সাউথ ইউনিভার্সিটি পিজিটি (Nutrition and Fitness Training), ইন্সপিরন ফিটনেস এন্ড ডায়েট কনসালটেন্সি সেন্টার স্পেশালাইজড ইন ফিটনেস নিউট্রিশন ট্রেনিং, নিউট্রিশন সলিউশনস চিফ নিউট্রিশন কনসালটেন্ট ও ফিটনেস ট্রেইনার ইয়োগা ফাউন্ডেশন বসুন্ধরা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), নিউট্রিশন ফর চেঞ্জ ইয়োগা ট্রেইনার, ফিট ফেমি বসুন্ধরা)
WHO-ও ফল ও সবজিসমৃদ্ধ এবং কম লবণ, চিনি ও অস্বাস্থ্যকর চর্বিযুক্ত সুষম খাদ্য গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছে।
American Heart Association/American Stroke Association-এর ২০২৪ সালের প্রাথমিক স্ট্রোক প্রতিরোধ নির্দেশিকায় Mediterranean dietary pattern-কে স্ট্রোকের ঝুঁকি কমানোর জন্য সুপারিশ করা হয়েছে।

