দেশে বর্তমানে স্ক্যাবিস বা খোস-পাঁচড়ার প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে, যার ফলে বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজি এটিকে একটি জাতীয় জনস্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। সিলেট, কুমিল্লা, গাজীপুর, চট্টগ্রাম ও রাজশাহীসহ দেশের প্রায় সব জেলা থেকেই আক্রান্তের সংখ্যা বাড়ার খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে আবাসিক হোস্টেল ও ঘনবসতিপূর্ণ এলাকায় আক্রান্তের হার ৪০ শতাংশ পর্যন্ত লক্ষ্য করা গেছে। সিলেট অঞ্চলে মাত্র আড়াই মাসে ১৫ হাজারেরও বেশি রোগী চিকিৎসা সেবা নিয়েছেন এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও সমন্বিত চিকিৎসা কর্মসূচি গ্রহণ করতে হয়েছে।
এই রোগটি Sarcoptes scabiei নামক এক অতি ক্ষুদ্র পরজীবীর কারণে ছড়ায়, যা ত্বকের নিচে সুড়ঙ্গ তৈরি করে ডিম পাড়ে। এর ফলে শরীরে তীব্র চুলকানি অনুভূত হয়। সংক্রমণের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে ঘনবসতিপূর্ণ পরিবেশে একই বিছানা, তোয়ালে বা পোশাক ভাগাভাগি করে ব্যবহার করা। এছাড়া স্টেরয়েড মিশ্রিত মলমের (যেমন Betnovate বা Dermovate) ভুল ও অসম্পূর্ণ ব্যবহার রোগটিকে সাময়িকভাবে চাপা দিলেও পরজীবী ধ্বংস করতে পারে না, যা সংক্রমণের চক্রকে দীর্ঘায়িত করে। পারিবারিক চিকিৎসার অভাব এবং একে সাধারণ অ্যালার্জি ভেবে দেরিতে চিকিৎসকের শরণাপন্ন হওয়াও রোগ বিস্তারের অন্যতম কারণ।
স্ক্যাবিসের প্রধান লক্ষণ হলো রাতে তীব্র চুলকানি। শরীরের আঙুলের ফাঁকে, কব্জিতে, বগলে, কোমরে, নাভির চারপাশে ও যৌনাঙ্গের আশেপাশে ছোট লাল দানা বা পানিযুক্ত ফুসকুড়ি দেখা দেয়। শিশুদের ক্ষেত্রে মাথা ও পায়ের তলাতেও এমন লক্ষণ প্রকাশ পেতে পারে। অবহেলিত সংক্রমণের ফলে পরবর্তীতে ব্যাকটেরিয়ার সংক্রমণ, পুঁজযুক্ত ঘা এবং দীর্ঘমেয়াদে কিডনির প্রদাহের মতো জটিল ঝুঁকি তৈরি হতে পারে।
প্রতিরোধের জন্য পরিবারের সকল সদস্যকে লক্ষণ থাকুক বা না থাকুক, একই দিনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। সাধারণত ৫% পারমেথ্রিন ক্রিম গলা থেকে পা পর্যন্ত সঠিক নিয়মে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। প্রয়োজনে বেনজাইল বেনজোয়েট লোশন বা মুখে খাওয়ার ওষুধ ব্যবহার করা যেতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ ব্যবহার করা উচিত নয়। এছাড়া গত তিন দিনে ব্যবহৃত পোশাক ও বিছানার চাদর ৬০ ডিগ্রির বেশি গরম পানিতে ধুয়ে কড়া রোদে শুকিয়ে ইস্ত্রি করা আবশ্যক। যা ধোয়া সম্ভব নয়, তা ৪ দিন পলিথিন ব্যাগে আটকে রাখলে পরজীবী মারা যায়। ব্যক্তিগত পরিচ্ছন্নতা রক্ষা, নখ ছোট রাখা এবং ব্যক্তিগত সামগ্রী ভাগাভাগি না করার মাধ্যমে এই মহামারী নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করেন।
ওষুধ প্রয়োগের পরও ২ থেকে ৩ সপ্তাহ পর্যন্ত চুলকানি থাকতে পারে, এটি স্বাভাবিক।
লেখক : ডাঃ অমৃত লাল হালদার নবজাতক ও শিশু বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, বারডেম মহিলা ও শিশু হাসপাতাল, সেগুনবাগিচা, ঢাকা, ০১৬৩৬৬৯২২৯৮

