সাতক্ষীরায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, দায়িত্বে অবহেলায় বরখাস্ত ৩

সাতক্ষীরার তিনটি সরকারি হাসপাতাল আকস্মিক পরিদর্শনে গিয়ে দায়িত্বে অবহেলা ও দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে দুই চিকিৎসকসহ মোট তিনজনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (২৬ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসাসেবা, চিকিৎসকদের উপস্থিতি, অবকাঠামোগত অবস্থা এবং প্রশাসনিক কাজের মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন পরবর্তী নির্দেশনায় স্বাস্থ্যমন্ত্রী তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি চুরির ঘটনায় গাফিলতির দায়ে নিরাপত্তাকর্মী মোস্তফা বিশ্বাসকে বরখাস্ত করেন। একই সঙ্গে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তালা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাওলী নানজিবা তন্নি এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. সোহানা সেলিমকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের ওয়ার্ড, ওষুধের স্টোর, অপারেশন থিয়েটার, হাজিরা খাতা ও ওয়াশরুমসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে অবহিত হন। স্বাস্থ্যমন্ত্রী এ সময় স্পষ্ট জানিয়ে দেন যে, সরকারি সম্পদ রক্ষায় কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। তিনি হাসপাতালের সংস্কারকাজ দ্রুত শেষ করা এবং চিকিৎসক ও নার্সদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার কঠোর নির্দেশনা প্রদান করেন।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে মন্ত্রী জানান, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করে ৭ থেকে ৮ তলাবিশিষ্ট একটি আধুনিক ভবন নির্মাণ করা হবে। নতুন এই ভবনে প্যারালাইসিস সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, ব্রেস্ট ফিডিং কর্নার ও ট্রমা সেন্টার স্থাপনের লক্ষ্য রয়েছে সরকারের। এছাড়া পরিদর্শনের সময় শ্যামনগরের এক দৃষ্টিপ্রতিবন্ধী মেধাবী তরুণীকে চাকরির আশ্বাসও দিয়েছেন তিনি।