জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ইমপ্ল্যান্ট বাণিজ্যের ভয়াবহ সিন্ডিকেট

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন অসহায় পঙ্গু রোগীদের জিম্মি করে চলছে এক বিশাল সিন্ডিকেট বাণিজ্য। হাসপাতালেরই কিছু অসাধু চিকিৎসক, নার্স, ওটি বয় এবং বহিরাগতদের সাথে অর্থোপেডিক ইমপ্ল্যান্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের যোগসাজশে গড়ে উঠেছে এই চক্র। দৈনিক এদিনের সরেজমিন অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে, এই চক্রটি রোগীদের অন্ধকারে রেখে নিজেদের সুবিধামতো ইমপ্ল্যান্টের চড়া দাম নির্ধারণ, অনৈতিক কমিশন বাণিজ্য এবং নিম্নমানের ডিভাইস ব্যবহারের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক হলো, আর্থিক মুনাফার লোভে ওটিতে ব্যবহৃত পুরনো অর্থোপেডিক ইমপ্ল্যান্ট পরিষ্কার করে রোগীদের শরীরে পুনরায় ব্যবহার করা হচ্ছে, যা রোগীদের চরম স্বাস্থ্যঝুঁকিতে ফেলছে।

বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লাইয়ার্স অ্যাসোসিয়েশনের তথ্যমতে, বাজারে মূলত স্টেইনলেস স্টিল ও টাইটানিয়াম এই দুই ধরনের অর্থোপেডিক ইমপ্ল্যান্ট পাওয়া যায়। অসাধু চিকিৎসকরা ইমপ্ল্যান্ট বিক্রয় প্রতিনিধিদের সাথে মিলে এর প্রকৃত বাজারদর গোপন রেখে রোগীদের কাছ থেকে উচ্চমূল্য আদায় করেন। অস্ত্রোপচারের পর ঠিক কোন ব্র্যান্ড বা সাইজের ইমপ্ল্যান্ট ব্যবহার করা হলো, তার কোনো দাপ্তরিক নথি বা ক্যাশ মেমো রোগীদের দেওয়া হয় না। ফলে নিম্নমানের পণ্য ব্যবহার করলেও তা ধরার কোনো উপায় থাকে না।

এ বিষয়ে এক নাম প্রকাশে অনিচ্ছুক ইমপ্ল্যান্ট সরবরাহকারী জানান, প্রতিটি ইমপ্ল্যান্ট বিক্রির জন্য সংশ্লিষ্ট চিকিৎসকদের একটি নির্ধারিত কমিশন দিতে হয়। হাসপাতাল প্রশাসনের অলিখিত নির্দেশনার কারণেই রোগীদের কাছে ডিভাইসের ব্র্যান্ড বা ধাতুর মতো গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা হয়। এছাড়া, অস্ত্রোপচারের সময় প্রয়োজনীয় ইমপ্ল্যান্টের আকার ছোট হলে খরচ কমে যায়, কিন্তু সেই অর্থ রোগীদের ফেরত না দিয়ে উল্টো নানা অজুহাতে বাড়তি খরচ আদায় করা হয়। নিয়মানুযায়ী প্রতিটি ইমপ্ল্যান্টের প্যাকেটে থাকা বারকোড রোগীর ফাইলে যুক্ত করার কথা থাকলেও, এখানে তা মানা হচ্ছে না।

বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লাইয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মইনুল ইসলাম জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঔষধ প্রশাসন অধিদপ্তর ইমপ্ল্যান্টের মূল্য নির্ধারণে ব্যর্থ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষই এখন দাম নিয়ন্ত্রণ করছে। তিনি আরও জানান, দেশে মাত্র ৮ থেকে ১০টি বৈধ আমদানিকারক থাকলেও ৩০টিরও বেশি অনুমোদনহীন প্রতিষ্ঠান লাগেজ পার্টির মাধ্যমে অবৈধভাবে ইমপ্ল্যান্ট আনছে। ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ড. মো. আকতার হোসেন জানান, হৃদরোগের রিংয়ের মতো ইমপ্ল্যান্টের দাম নির্ধারণের চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুতই মন্ত্রণালয় ও আমদানিকারকদের সঙ্গে যৌথ বৈঠক করা হবে।

আইনি নিয়ম অনুযায়ী, ব্যবহৃত ইমপ্ল্যান্ট রোগীর স্বজনদের কাছে হস্তান্তর করার কথা অথবা হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতিতে ধ্বংস করার কথা। কিন্তু পঙ্গু হাসপাতালে শরীর থেকে বের করা এক্সটার্নাল ফিক্সেশনের পিন, রড ও ক্লাম্পসের মতো ডিভাইসগুলো পুনরায় বিক্রির অভিযোগ রয়েছে। নিটোরের ভারপ্রাপ্ত পরিচালক সহযোগী অধ্যাপক ডা. মো. আবুল কেনান দাবি করেছেন, তার প্রতিষ্ঠানে এমন অনিয়ম হয় না এবং তিনি বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. লেলিন চৌধুরী সতর্ক করে বলেছেন, পুরনো ইমপ্ল্যান্ট ব্যবহারের ফলে এক শরীরের জীবাণু অন্য শরীরে সংক্রমিত হলে তা কোনো অ্যান্টিবায়োটিকেও নিরাময় সম্ভব নয়। স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, অভিযোগের সত্যতা যাচাইয়ে দ্রুত তদন্ত কমিটি গঠন করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।