বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও ১০ অক্টোবর পালিত হচ্ছে বিশেষ এই দিবস। এ বছরের প্রতিপাদ্য হলো-‘জীবনের অভিজ্ঞতার কণ্ঠস্বর শুনি : সত্যিকারের কণ্ঠ, সত্যিকারের পরিবর্তন।’ দিবসটি সামনে রেখে মানসিক স্বাস্থ্য পরিস্থিতির যে চিত্র উঠে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। জাতীয় পর্যায়ের পরিসংখ্যানে দেখা যায়, দেশে প্রাপ্তবয়স্কদের প্রায় ১৮ দশমিক ৭ শতাংশ এবং শিশু-কিশোরদের ১২ দশমিক ৬ শতাংশ মানসিক রোগে আক্রান্ত। অথচ তাদের মধ্যে মাত্র ৮ শতাংশ প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন। অর্থাৎ আক্রান্তদের ৯২ শতাংশই এখনো চিকিৎসার আওতার বাইরে রয়ে গেছেন।
চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, মানসিক স্বাস্থ্য শুধু রোগমুক্ত থাকার বিষয় নয়, বরং আবেগ ও আচরণ নিয়ন্ত্রণ, প্রতিকূলতা মোকাবিলা এবং সামাজিক জীবনে সক্রিয় ভূমিকা রাখা এর অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে পারিবারিক টানাপোড়েন, কাজের চাপ, বেকারত্ব, আর্থিক অনিশ্চয়তা, সামাজিক বিচ্ছিন্নতা এবং প্রযুক্তির প্রতি অতিরিক্ত নির্ভরতা মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের তথ্যমতে, প্রাপ্তবয়স্কদের মধ্যে ৮ দশমিক ৯ শতাংশ উদ্বেগজনিত সমস্যায় এবং ৬ দশমিক ৭ শতাংশ বিষণ্নতায় ভুগছেন। এছাড়া সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিজঅর্ডার, অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার (ওসিডি), সোমাটিক সিমটম ডিজঅর্ডার এবং মাদকাসক্তির মতো জটিলতাও রয়েছে। শিশু-কিশোরদের ক্ষেত্রে চিত্রটি আরও ভয়াবহ; তাদের ৫ দশমিক ১ শতাংশ নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডারে এবং ৪ দশমিক ৭ শতাংশ উদ্বেগজনিত সমস্যায় আক্রান্ত। কনডাক্ট ডিজঅর্ডারের হার ১ দশমিক ৭ শতাংশ। ১২ থেকে ১৭ বছর বয়সিদের মধ্যে মাদক গ্রহণের হার ১ দশমিক ৫ শতাংশ এবং ৭ থেকে ১১ বছর বয়সিদের ক্ষেত্রে এই হার শূন্য দশমিক ২ শতাংশ।
মানসিক স্বাস্থ্যের অবনতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে টেলি-সাইকিয়াট্রি রিসার্চ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক লিমিটেডের (টিআরআইএন) মনোবিজ্ঞানী আবিদা সুলতানা জানান, বংশগত প্রভাব, মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যহীনতা ও দীর্ঘস্থায়ী শারীরিক অসুস্থতার মতো জৈবিক কারণের পাশাপাশি শৈশবের ট্রমা, পারিবারিক কলহ, একাকিত্ব, দারিদ্র্য এবং ডিজিটাল আসক্তি মানসিক স্বাস্থ্যের অবনতির জন্য দায়ী। মনোরোগ বিশেষজ্ঞ ডা. তানজির রশিদ সরণ জানান, দীর্ঘস্থায়ী হতাশা, খাদ্যাভ্যাসে পরিবর্তন, ঘুমের সমস্যা, আত্মবিশ্বাসের অভাব, হীনম্মন্যতা, সামাজিক গুটিয়ে থাকা এবং নিজের ক্ষতি করার প্রবণতা হলো মানসিক অসুস্থতার অন্যতম প্রধান লক্ষণ।
দেশে মানসিক স্বাস্থ্যসেবার বড় ঘাটতি বিদ্যমান। বর্তমানে দেশে মানসিক রোগ বিশেষজ্ঞ রয়েছেন প্রায় ৩৮০ জন, যার অর্থ প্রতি এক লাখ মানুষের বিপরীতে বিশেষজ্ঞের সংখ্যা মাত্র শূন্য দশমিক ১৯ জন। মনোবিজ্ঞানী রয়েছেন প্রায় ৬০০ জন, যা প্রতি লাখে শূন্য দশমিক ৩০ জন। এছাড়া মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত সাধারণ চিকিৎসক ২১ হাজার ২৬৭ জন, স্বাস্থ্যকর্মী ৯ হাজার ৪০০ জন এবং নার্স রয়েছেন ২৮ হাজার ১৬৫ জন। তবে সংশ্লিষ্টরা বলছেন, কেবল প্রশিক্ষিত জনবল থাকলেই পর্যাপ্ত সেবা নিশ্চিত হয় না; এর জন্য প্রয়োজন যথাযথ অবকাঠামো এবং সেবাকে জেলা-উপজেলা পর্যায়ে সহজলভ্য করা।
২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে আন্তঃবিভাগে ৫ হাজার ১০৩ জন, বহির্বিভাগে ৭৬ হাজার ৮৩০ জন এবং জরুরি বিভাগে ৭ হাজার ২৩২ জন রোগী সেবা নিয়েছেন। এছাড়াও টেলিসাইকিয়াট্রিক সেবা নিয়েছেন ৪৮৪ জন। বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করেন, রাজধানীকেন্দ্রিক এই চিকিৎসাব্যবস্থা দিয়ে দেশের বিপুল জনগোষ্ঠীর চাহিদা পূরণ সম্ভব নয়। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে মনোরোগবিদ্যা বিভাগ চালু করা, জেলা-উপজেলা হাসপাতালে মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং স্বাস্থ্যনীতিতে রোগীদের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার মাধ্যমেই সত্যিকারের পরিবর্তন আনা সম্ভব।

