দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০১ জন শিশু হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৮০ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং বাকি ১ হাজার ২১ জন হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ই মার্চ থেকে ১৬ই আগস্ট পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে নিয়ে মোট ৮০৯ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৮।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তদের মধ্যে ৯৬৩ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৫০ শিশু। এর ফলে হাসপাতালে ভর্তি ও চিকিৎসাধীন রোগীর চাপ এখনো অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ই মার্চ থেকে ১৬ই আগস্ট পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৯৭। এর মধ্যে ১৭ হাজার ৮৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে মোট ১ লাখ ২৪ হাজার ৪৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ১৯ হাজার ৯৩৯ জন শিশু।

