দেশে হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁই ছুঁই, নতুন প্রাণহানি ৩

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা এক হাজারের কাছাকাছি গিয়ে ঠেকেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ শিশুর মৃত্যু হওয়ায় চলতি বছরের ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৪ জনে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৯৮ জন এই রোগে আক্রান্ত হয়েছেন অথবা তাদের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে রোববার এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনই শিশু। এর মধ্যে চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগে একজন করে শিশুর প্রাণহানি ঘটেছে। অধিদপ্তর আরও জানায়, ১৫ই মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত সারা দেশে যে ৯৯৪ জন মারা গেছেন, তাদের মধ্যে ১০০ জন সরাসরি হামে আক্রান্ত হয়ে এবং বাকি ৮৯৪ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদিকে, গত এক দিনে সারা দেশে নতুন করে ৫৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর পাশাপাশি আরও ১ হাজার ৪৩ জনের দেহে এই রোগের উপসর্গ পাওয়া গেছে। সরকারি হিসাব মতে, গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৬৪ হাজার ১৪৮ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ল্যাব টেস্টের মাধ্যমে মোট ১৯ হাজার ৬৯৬ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।