দৈনন্দিন জীবনযাত্রায় দাঁত ব্রাশ করা একটি অপরিহার্য অংশ। সাধারণত সকালে এবং রাতে ঘুমানোর আগে দিনে দুইবার দাঁত ব্রাশ করা উচিত। প্রতিটি ব্রাশ সেশনের সময়কাল হওয়া উচিত সর্বোচ্চ দুই মিনিট। তবে দাঁত পরিষ্কার করার ক্ষেত্রে সাধারণ মানুষ কিছু সাধারণ ভুল করে থাকেন, যা দীর্ঘমেয়াদে দাঁতের ক্ষতির কারণ হতে পারে।
অনেকেই খাবার খাওয়ার পরপরই দাঁত ব্রাশ করেন, যা একটি ভুল অভ্যাস। খাবারে থাকা অ্যাসিড দাঁতের এনামেলের স্তরে লেগে থাকে। খাওয়ার পরপরই ব্রাশ করলে সেই অ্যাসিড দাঁতের লেয়ারের ক্ষতি করে। তাই যেকোনো খাবার বা রাতের খাবারের অন্তত ২০ মিনিট, আর সম্ভব হলে ৪৫ মিনিট পর দাঁত ব্রাশ করা উচিত।
মাউথওয়াশ ব্যবহারের ক্ষেত্রেও কিছু সতর্কতা প্রয়োজন। অনেকে ব্রাশ করার পরপরই মাউথওয়াশ ব্যবহার করেন, যা ভুল। অধিকাংশ দামী টুথপেস্টেই মাউথওয়াশ বা ফ্লুরাইডের উপাদান থাকে। টুথপেস্টে প্রতি মিলিলিটারে ১৪৫০ ফ্লুরাইড পার্টিক্যাল থাকে, যেখানে মাউথওয়াশে থাকে মাত্র ২২০। টুথপেস্ট ব্যবহারের পরপরই মাউথওয়াশ ব্যবহার করলে টুথপেস্টের কার্যকর ফ্লুরাইড ধুয়ে যায়।
দাঁত ও মুখের জীবাণু দূর করতে টুথপেস্টের উপাদানগুলোই যথেষ্ট কার্যকর। তাই ব্রাশ করার পর কুলি না করে শুধুমাত্র থুতু ফেলে দেওয়া উচিত। ফ্লুরাইড যত বেশি সময় দাঁতের সংস্পর্শে থাকবে, তত বেশি সুরক্ষা প্রদান করবে। শৈশব থেকে কুলি করার অভ্যাস থাকায় অনেকে এটি মানতে চান না, তবে দাঁতের দীর্ঘমেয়াদী সুরক্ষার জন্য চিকিৎসকের এই পরামর্শ মেনে চলা জরুরি।

