ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশিদের গড় আয়ু বেশি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি গত শুক্রবার (২ অক্টোবর) তাদের সর্বশেষ শুমারির এই তথ্য প্রকাশ করে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশিদের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৭ বছর। একই সময়ে ভারতীয়দের গড় আয়ু ছিল ৭১ বছর এবং পাকিস্তানিদের গড় আয়ু ছিল ৬৮ দশমিক ৮ বছর। তবে এই তালিকায় যুক্তরাষ্ট্র ও কানাডার মানুষের গড় আয়ু বাংলাদেশিদের চেয়ে বেশি, যা যথাক্রমে ৭৮ দশমিক ৫ বছর এবং ৮১ দশমিক ৪ বছর।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, করোনা মহামারির আগের বৈশ্বিক গড় আয়ু ২০২৩ সালে প্রায় আগের অবস্থানে ফিরে এসেছে। ২০১৯ সালে বৈশ্বিক গড় আয়ু ছিল ৭৩ দশমিক ৪ বছর। এরপর করোনা মহামারির প্রভাবে ২০২১ সালে তা ৭১ দশমিক ৫ শতাংশে নেমে গিয়েছিল। তবে ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ৭৩ দশমিক ৩ বছরে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাটা ডিপার্টমেন্টের প্রধান অ্যালাইন ল্যাবরিক বলেন, জনস্বাস্থ্যের ক্ষেত্রে গড় আয়ু বৃদ্ধি পাওয়া একটি বড় অর্জন। এখন পরবর্তী চ্যালেঞ্জ হলো মানুষ যেন সুস্থ শরীর নিয়ে দীর্ঘ জীবন অতিবাহিত করতে পারে।