প্রবাসীদের সমস্যা সমাধানে সংসদে ১০ দফা দাবি, ব্যবস্থা নেওয়ার আশ্বাস

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্ট জটিলতা, অপহরণ, নির্যাতন এবং দালাল চক্রের প্রতারণাসহ নানা সমস্যা চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর জাতীয় সংসদে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রবাসীদের নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করাকে বর্তমান সরকার অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে।

গত রবিবার (৬ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালি-বিধির ৭১ বিধিতে দেওয়া একটি মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া ‘সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসীদের সমস্যা সমাধান প্রসঙ্গে’ এই নোটিশটি উত্থাপন করেছিলেন।

সংসদ সদস্যের দেওয়া ওই নোটিশে প্রবাসীদের বিভিন্ন সংকট নিরসনে ১০টি বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। এই দাবিগুলোর মধ্যে রয়েছে—ই-পাসপোর্ট সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান, সৌদি আরবে প্রবাসীদের অপহরণ ও নির্যাতন বন্ধ করা, দালাল চক্রের প্রতারণা প্রতিরোধ, দক্ষ জনশক্তি গড়ে তোলা, গামকা মেডিকেল পরীক্ষায় চলমান অনিয়ম বন্ধ করা, বিএমইটির দুর্নীতি প্রতিরোধ, অবৈধ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, অতিরিক্ত অভিবাসন ব্যয় কমিয়ে আনা, দূতাবাস থেকে সরাসরি সহায়তা প্রদান এবং অসুস্থ ও মৃত প্রবাসীদের জন্য সরকারি সহায়তা নিশ্চিত করা।

নোটিশদাতা সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, তিনি অত্যন্ত বাস্তবসম্মতভাবে প্রবাসীদের সমস্যাগুলো চিহ্নিত করেছেন। এ বিষয়ে তাকে যথেষ্ট পড়াশোনা ও গবেষণা করতে হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, প্রবাসীরা যেসব সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতিতেও প্রবাসীদের কর্মসংস্থানের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। তাই কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি তাদের সামগ্রিক কল্যাণ সাধন করাও সরকারের অন্যতম বড় অগ্রাধিকার।