নেপালের রাসুয়া জেলার তিমুরেতে গ্রামে ভয়াবহ বন্যার ধ্বংসস্তূপের নিচ থেকে তিন দিন পর ছয় বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নেপালের সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরা কাদামাটি ও ধ্বংসাবশেষের নিচ থেকে ক্ষীণ কান্নার শব্দ শুনতে পান। দ্রুত খনন কাজ শুরু করে উদ্ধারকারীরা শিশুটিকে নিরাপদে বের করে আনেন। উদ্ধার হওয়া শিশুটির নাম মানিশা মাগার বলে জানা গেছে।
ভোতে কোশি নদীর পানি উপচে ওই এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেয়, যা ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু মানুষের নিখোঁজ হওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। উদ্ধারের পর শিশুটিকে প্রাথমিকভাবে তিমুরেতে সশস্ত্র পুলিশ বাহিনীর সীমান্ত চৌকিতে চিকিৎসা দেওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কাঠমান্ডুর একটি হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে শুক্রবার সন্ধ্যায় হেলিকপ্টারে করে শিশুটিকে কাঠমান্ডু নেওয়া সম্ভব হয়নি। অবশেষে শনিবার দুপুরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে হেলিকপ্টারে করে তাকে কাঠমান্ডুর একটি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। শিশুটিকে জীবিত উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উদ্ধারকারীদের সাহস ও প্রচেষ্টার প্রশংসা করেছেন অনেকে। কর্তৃপক্ষ এখন শিশুটির পরিবার ও স্বজনদের সন্ধান করছে।
এদিকে নেপালে ভয়াবহ বন্যার পর উদ্ধারকাজ এখনো অব্যাহত রয়েছে। দেশটির পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, বন্যার পর পুনর্গঠন ও পুনর্বাসনে কয়েক বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। এই বিপর্যয় মোকাবিলায় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছেন। সরকারি প্রতিবেদন অনুযায়ী, নেপালে এখন পর্যন্ত বন্যায় ৭৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

