পরিবেশ ও জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফাহিম মোনায়েমকে ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়।
পরিবেশ সচেতনতা তৈরিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর সাতটি প্রতিষ্ঠান ও বিশিষ্ট নাগরিককে এই জাতীয় অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান এবং সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সরদার ফাহিম মোনায়েমের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় পরিবেশ বিশেষজ্ঞ ড. আদিল মুহাম্মদ খান ও ড. ফরহাদুর রেজাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাহিম মোনায়েম দীর্ঘ সাংবাদিকতা জীবনে অনুসন্ধানী ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিবেদন তৈরির জন্য পরিচিত। ছাত্রজীবন থেকেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকা ফাহিম এর আগে মাইটিভি ও টিবিএন২৪-এ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টারের পাশাপাশি বরিশাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ)-এর অর্থ ও দপ্তর সম্পাদক এবং শিপিং রিপোর্টার্স ফোরামের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
পেশাগত চ্যালেঞ্জ ও মাঠপর্যায়ের নানা প্রতিকূলতা মোকাবিলা করেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অবস্থানে অটল থাকা ফাহিম মোনায়েম এর আগেও রিহ্যাবের সর্বোচ্চ পুরস্কারসহ বিভিন্ন স্বীকৃতি পেয়েছেন। তার সহকর্মীরা এই অর্জনকে তার দীর্ঘ সাংবাদিকতা জীবনের সংগ্রাম ও পরিবেশ সাংবাদিকতায় অবদানের যথাযথ স্বীকৃতি হিসেবে দেখছেন।
অনুষ্ঠানে সবুজ আন্দোলনের পক্ষ থেকে পরিবেশ ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর জোর দেওয়া হয়। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের বাতিল করা ৩৭টি সোলার প্যানেল প্রকল্প পুনরায় বাস্তবায়নের দাবিও জানিয়েছে সংগঠনটি।

