নতুন স্বীকৃতির আনন্দে অভিনয়ের পাশাপাশি কর্মজীবনেও মনোযোগী তমা মির্জা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিজের কর্মজীবনের নতুন অধ্যায় নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। পুরস্কার কেবল একটি অর্জন নয়, বরং একজন শিল্পীর কাজের প্রতি দর্শকের ভালোবাসা ও স্বীকৃতির প্রতিফলন—এমনটাই বিশ্বাস করেন তিনি। এই স্বীকৃতিগুলোই তাকে আগামী দিনে আরও ভালো কিছু করার সাহস জোগাচ্ছে।

সাম্প্রতিক সময়ে কাজের স্বীকৃতিস্বরূপ তমা মির্জা পরপর দুটি পুরস্কার পেয়েছেন। ওয়েব ফিল্ম ‘আমলনামা’য় অভিনয়ের জন্য তিনি দ্য ডেইলি স্টার-ব্লেন্ডার্স চয়েস ওটিটি অ্যাওয়ার্ড পেয়েছেন। এর মাত্র একদিন পরই যুক্তরাষ্ট্রে আয়োজিত ঢালিউড অ্যাওয়ার্ডেও ভূষিত হন তিনি। অল্প সময়ের ব্যবধানে পাওয়া এই দুটি স্বীকৃতি তার অভিনয়জীবনে নতুন মাত্রা যুক্ত করেছে। বিশেষ করে ‘আমলনামা’ ওয়েব ফিল্মটি নিয়ে দর্শকদের ইতিবাচক সাড়া ও প্রশংসা তাকে ভীষণ আনন্দিত করেছে। এ প্রসঙ্গে তমা মির্জা বলেন, “আমলনামা’র জন্য পুরস্কার পেয়ে ভীষণ ভালো লাগছে। অনেক খুশি আমি। যারা কাজটি দেখেছেন, তাদের কাছ থেকে খুব প্রশংসা ও ইতিবাচক মন্তব্য পেয়েছি। চরিত্রটিতে অভিনয়ের অনেক সুযোগ ছিল। সব মিলিয়ে খুব ভালো একটি কাজ ছিল এটি।”

অভিনয়ের বাইরেও তমা মির্জার জীবনে যুক্ত হয়েছে নতুন পরিচয়। তিনি বর্তমানে একটি ব্যাংকের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস বিভাগে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন থেকে অভিনয় এবং করপোরেট জীবন—এই দুই ভিন্ন জগতকে সমন্বয় করেই এগিয়ে যাওয়ার পরিকল্পনা তার। ভবিষ্যতে ভালো গল্প, অর্থবহ চরিত্র এবং অভিনয়ের সুযোগ রয়েছে এমন কাজের মাধ্যমেই নিজেকে ব্যস্ত রাখতে চান তিনি। অভিনয়ের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করার পাশাপাশি পেশাগত জীবনে নতুন এই পরিচয়েও নিজের শক্ত অবস্থান তৈরি করতে চান এই অভিনেত্রী।