নতুন আহ্বায়ক কমিটিতে প্রাণ ফিরে পাচ্ছে টেনাশিনাস

বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পীদের সংগঠন টেলিভিশন নাট্যশিল্পী ও নাট্যকার সংসদ (টেনাশিনাস) দীর্ঘ ২৫ বছর পর নতুন করে প্রাণ ফিরে পেতে যাচ্ছে। সংগঠনটিকে পুনরায় কার্যকর ও উজ্জীবিত করার লক্ষ্যে বিশিষ্ট অভিনেতা আব্দুল আজিজকে আহ্বায়ক এবং কাজী আসাদকে সদস্য সচিব করে ৫ সদস্যের একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নাট্যসংগঠক আবুল কাশেম, বিশিষ্ট অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী খুরশিদুজ্জামান উৎপল এবং বিশিষ্ট অভিনেত্রী হুসনে আরা নার্গিস। বেশ কয়েকজন নাট্যশিল্পী ও নাট্যকারের উৎসাহে সংগঠনটিকে কার্যকর করার এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির মুখপাত্র অভিনেতা কবির আহমেদ।

সংগঠনটির সর্বশেষ কার্যকরী পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও নতুন পরিষদ গঠন না করা, নতুন সদস্য অন্তর্ভুক্তিতে ব্যর্থতা, সদস্যদের স্বার্থ রক্ষায় নেতৃত্বের উদাসীনতা এবং সংগঠনের আদর্শ অনুযায়ী কোনো কার্যক্রম না থাকায় টেনাশিনাস দীর্ঘ সময় অকার্যকর ছিল। নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের মধ্যে সদস্যদের তালিকা হালনাগাদ করবে এবং নতুন সদস্য অন্তর্ভুক্ত করে সাধারণ সভার মাধ্যমে সকল সদস্যদের ভোটাধিকারের ভিত্তিতে নতুন কার্যকরী পরিষদ গঠনের উদ্যোগ গ্রহণ করবে। এছাড়া আহ্বায়ক কমিটি টেনাশিনাসের সকল সদস্যকে এই নতুন যাত্রায় সহযোগিতার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত টেনাশিনাস টেলিভিশন নাট্যশিল্পী ও নাট্যকারদের পেশাগত মর্যাদা ও স্বার্থ সংরক্ষণ, সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকাশ এবং পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে আসছে। টেলিভিশন নাট্যশিল্পী ও নাট্যকারদের স্বার্থ রক্ষায় সংগঠনটির একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে।