অভিনেত্রী তাসনিয়া ফারিণ প্রথমবারের মতো ডার্ক কমেডি ঘরানার ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন। ইমরাউল রাফাত পরিচালিত এই নতুন সিরিজের নাম ‘ডাকাতিয়া বাঁশি’। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সিরিজটির প্রথম ঝলক বা ফার্স্টলুক প্রকাশের মাধ্যমে এর ঘোষণা দেওয়া হয়। প্রকাশিত ছবিতে ফারিণকে বিয়ের সাজে হাতে পিস্তল নিয়ে রহস্যময় এক ভঙ্গিমায় দেখা গেছে, যা দর্শকদের মাঝে সিরিজটির গল্প ও চরিত্র নিয়ে কৌতূহল তৈরি করেছে।
সিরিজটিতে ফারিণের চরিত্রের নাম ক্যামেলিয়া। নিজের চরিত্র ও কাজ সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘নামটির মতো চরিত্রটিও একটু অন্যরকম। সিরিজটি যেমন ডার্ক কমেডি, আমার চরিত্রেও তেমন অনেক ডার্ক এলিমেন্ট রয়েছে। এর আগে আমার কমেডি সিরিজে কাজ করা হয়নি, এটি আমার প্রথম অভিজ্ঞতা।’ তিনি আরও জানান, ওটিটি প্ল্যাটফর্মে বর্তমানে থ্রিলার ও মার্ডার মিস্ট্রি ঘরানার কাজ অনেক বেশি হচ্ছে, তাই তিনি এবার ভিন্নধর্মী এই ডার্ক কমেডি বেছে নিয়েছেন।
নির্মাতা ইমরাউল রাফাত জানান, সিরিজটির ক্রাফটিং বেশ চ্যালেঞ্জিং। তিনি বলেন, ‘সিরিজের ক্রাফটিং একটু কঠিন। প্রত্যেক পর্বে ক্লিপ হ্যাঙ্গার লাগে, লেয়ার থাকা লাগে। ফাইনালি সেরকম একটা গল্প পেয়েছি। অনেক টুইস্ট আছে। সিরিজ তো অনেক রকম হয়, এবার আমরা ডার্ক কমেডি জনরাটা বেছে নিয়েছি। এটা আমার জন্য পরিচিত জনরা।’
সিরিজের ফার্স্টলুকে ফারিণের পেছনে কালো পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ইশতিয়াক আহমেদ রুমেল, আরফান মৃধা শিবলু ও পার্থ শেখকে। এর মধ্যে আরফান মৃধা শিবলুকে বন্দুক হাতে দেখা গেলেও তিনি এখনই তার চরিত্রের রহস্য উন্মোচন করতে রাজি নন। তিনি বলেন, ‘এটা মজার গল্প, এতে সন্দেহ নাই। কিন্তু আমার চরিত্রে সন্দেহ আছে। চরিত্রটা আসলে একেক সময় একেক রকম। এছাড়াও গল্পটি নিয়ে আমার আরেকটা ভালো লাগা আছে, সেটা হলো এখানে একটা ফ্যামিলির গল্প আছে।’
পার্থ শেখ, যিনি নিয়মিত চলচ্চিত্র ও সিরিজে কাজ করছেন, এই সিরিজে তার চরিত্রেও বিশেষ ভিন্নতা থাকবে বলে জানিয়েছেন। এছাড়া সিরিজটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেলসহ আরও অনেকে। সিরিজটি শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে।

