অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে তদন্ত প্রতিবেদনে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে পিবিআইয়ের এই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেছেন মামলার বাদী ও ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতউল্লাহর আদালতে বাদীর পক্ষে আইনজীবী শুভ্র সিনহা রায় রনি এই আবেদন জমা দেন। আদালত এ বিষয়ে শুনানির জন্য বাদী ও তিন সাক্ষীকে আগামী ২০ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
২০২৫ সালের ২৭ নভেম্বর সানায়া চৌধুরী তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন। মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি তানজিন তিশার কাছে দেওয়া হয়েছিল। অনুষ্ঠান শেষে শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা না দেওয়ায় প্রতারণার অভিযোগ ওঠে। শাড়ি ফেরত চাওয়ায় তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও বাদীর দাবি। পরবর্তীতে ২০২৫ সালের ১০ নভেম্বর ম্যাসেঞ্জারে হুমকি পাওয়ার অভিযোগে ১২ নভেম্বর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন তিনি।
তদন্ত শেষে গত ২৫ মে আদালতে প্রতিবেদন জমা দেন পিবিআইয়ের উপপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম। প্রতিবেদনে উল্লেখ করা হয়, তানজিন তিশা তার সাবেক চালকের মাধ্যমে শাড়িটি নিয়েছিলেন। তদন্তে উভয় পক্ষের ম্যাসেঞ্জার কথোপকথন পর্যালোচনা করে দেখা যায়, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর সানায়া বার্তা পাঠালেও তিশা তা দেখেননি। পরবর্তীতে ২০৫ সালের ৫ নভেম্বর শাড়িটির ছবি পাঠানো হলে তিশা জানান বিষয়টি তার মনে নেই। তার দাবি অনুযায়ী, সাবেক চালক শাড়িটি ফেরত না দিয়েই চাকরি ছেড়ে চলে যান। মামলার বিষয়টি জানার পর ডাকযোগে শাড়িটি ফেরত পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। পিবিআইয়ের ভাষ্যমতে, শাড়ি ফেরত দেওয়ায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়নি এবং কথোপকথন পর্যালোচনা করে হুমকির অভিযোগেরও যথেষ্ট প্রমাণ মেলেনি।
তবে বাদীপক্ষের দাবি, তদন্তের সময় হুমকিসংক্রান্ত অডিওসহ বিভিন্ন প্রমাণ জমা দেওয়া হলেও সেগুলো যথাযথভাবে বিবেচনা করা হয়নি। উল্লেখ্য, এটি শাড়ি সংক্রান্ত অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে দ্বিতীয় মামলা। এর আগে একটি অনলাইন ফ্যাশন পেজের কাছ থেকে শাড়ি নেওয়া ও মূল্য পরিশোধ না করার অভিযোগে দায়ের করা অন্য একটি মামলায় তদন্ত প্রতিবেদন প্রাথমিক সত্যতা পাওয়ার কথা বলেছিল। ওই মামলায় গত ১৩ আগস্ট অভিনেত্রী আদালতে হাজির হয়ে জামিন পান।

